আত্মার গান ও নির্বাণ মেলায় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

চর্যাপদের প্রাচীন বৌদ্ধ তান্ত্রিক সাধনসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে শনিবার শুরু হওয়া এ উৎসবের আয়োজন করে ভাবনগর ফাউন্ডেশন।

বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে। তিনি বলেন, ‘ভাবনগর ফাউন্ডেশন চর্যাপদ পুনর্জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের কাজ করছে। এ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীদের অংশগ্রহণ বিস্ময়কর।’

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, ‘চর্যাপদের গানে নির্বাণের যে কথা বলা হয়েছে, তার মূলে রয়েছে ব্যক্তিস্বার্থ, আসক্তি ও মোহের ঊর্ধ্বে উঠে মহাসুখ অর্জনের সাধনা। চর্যাপদের গান নিয়ে সাধকদের চর্চা মূলত সেই নির্বাণসুখের সন্ধানেরই অংশ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা বলেন, ‘ভাবনগর ফাউন্ডেশনের চর্যাপদ পুনর্জাগরণ কার্যক্রম এখন একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা নিজেদের সংগীত-অভিজ্ঞতা ও বহুমাত্রিক সুরের মধ্য দিয়ে চর্যাপদের গানকে জনমানুষের গানে পরিণত করেছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেটি নাগরিলিপি গবেষক মোস্তফা সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ, কবি, অনুবাদক ও গবেষক শাহেদ কায়েস এবং কবি ও গবেষক ড. আসাদ আহমেদ। সভাপতিত্ব করেন তরিকতে আহলে বায়েত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা. শামসুল আলম। সঞ্চালনা করেন ড. সাইমন জাকারিয়া।

উদ্বোধনী আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধকশিল্পীরা সমবেত কণ্ঠে চর্যাপদের আদি কবি লুইপা রচিত প্রথম পদ ‘কাআ তরুবর’ পরিবেশন করেন। সাধিকা সৃজিনী তানিয়া পরিবেশন করেন কাহ্নপা রচিত চর্যাপদের ১৯ নম্বর পদ ‘ভব নির্বাণে পড়হ মাদলা’। এ ছাড়া শাহ আলম দেওয়ান, শিলা মল্লিক, ফকির আবুল হাশেম ও হেলাল উদ্দীন চর্যাপদের বিভিন্ন পদ পরিবেশন করেন।

দুই দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে রবিবার বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ফটকের বিপরীতে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে আয়োজন করা হয় চর্যাসংগীত প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও চর্যাসংগীত শোভাযাত্রা। কর্মশালায় চর্যাপদের বাণী, সুর ও পরিবেশনরীতি নিয়ে প্রশিক্ষণ দেন শাহ আলম দেওয়ান ও সাধিকা সৃজিনী তানিয়া।

এরপর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধকশিল্পীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। শিল্পীদের বরণ শেষে অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ চর্যাসংগীত শোভাযাত্রা। এতে বিভিন্ন জেলা থেকে আগত সাধকশিল্পী ও বাদ্যযন্ত্রীরা ঢোল, সারিন্দা, দোতারা, একতারা, খমক ও মন্দিরা বাজিয়ে চর্যাপদের গান পরিবেশন করেন।

উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা চর্যাসংগীত পরিবেশনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বরিশালের শাহ আলম দেওয়ান, চুয়াডাঙ্গার সাধিকা সৃজিনী তানিয়া, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার এবং শরীয়তপুরের শিলা মল্লিকসহ অনেকে।