দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬।
আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে।
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজকেরা জানান, প্রথম দিন সকাল ১০টা থেকে সবার জন্য মেলা উন্মুক্ত করা হবে। দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকছে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। দিনের শেষ আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।
দ্বিতীয় দিন ২০ নভেম্বর শুক্রবার পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ও মেলা চলবে। পাশাপাশি থাকবে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপনের আয়োজন, পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম।
২১ নভেম্বর শনিবার মেলার শেষ দিনে প্রদর্শনী ছাড়াও অংশগ্রহণকারী প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে এ এক্সপো অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উদযাপন, প্রচার ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ এক্সপোর আহ্বায়ক ও সংগঠনের সভাপতি মো. ইমরানুল আলম বলেন, দেশে অভ্যন্তরীণ পর্যটনকে কেন্দ্র করে তেমন কোনো মেলার আয়োজন হয় না। যেসব মেলা হয়, সেগুলো মূলত আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রিক। এবার দেশের অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলোকে নিয়ে বৃহৎ পরিসরে এ মেলার আয়োজন করা হচ্ছে। এসব পর্যটনকেন্দ্রের সুযোগ-সুবিধা তুলে ধরে দেশের পর্যটন খাতে পরিবর্তন আনতে চান তারা।
তিনি বলেন, বর্তমানে পর্যটন খাতে হাজার হাজার তরুণ উদ্যোক্তা কাজ করছেন। তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার, প্রশাসন, উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে এ মেলা।
আয়োজকেরা জানান, এবারের ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে ৫৮টি বিশেষায়িত স্টল থাকবে। সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকোট্যুরিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা তাদের কার্যক্রমের ধরন অনুযায়ী এসব স্টল সাজাবেন।
মো. ইমরানুল আলম আরও বলেন, এ মেলা সরকারের জন্য এক ধরনের চাপ সৃষ্টিকারী আয়োজন হিসেবেও কাজ করবে। দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের যোগাযোগব্যবস্থা ও অন্যান্য সমস্যা তুলে ধরে সেগুলোর উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।