আমল না করেও সওয়াব অর্জন হয় যেভাবে

অল্প আমল নিয়মিত করার ফায়দা অনেক বেশি। কোনো বান্দা নিয়মিত নেক আমল করার অভ্যাস গড়ে তুললে এবং অসুস্থতা বা সফরের কারণে তা করতে না পারলেও মহান আল্লাহ তাকে সেই আমলের সওয়াব দান করেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো বান্দা অসুস্থ হলে অথবা সফরে গেলে সে সুস্থ ও বাড়িতে অবস্থানকালে যে আমল করত, তার জন্য সেই আমলের সমপরিমাণ সওয়াব লেখা হয়।’ (সহিহ বুখারি)

হাদিসটি মুমিনের জন্য আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সাধারণত মানুষ কোনো কাজ সম্পন্ন করার পর তার প্রতিদান পেয়ে থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহ এমন যে, তার কোনো বান্দা নিয়মিত নেক আমল করতে অভ্যস্ত হলে বিশেষ কোনো কারণে তা করতে না পারলেও সওয়াব থেকে বঞ্চিত হন না। অসুস্থতা কিংবা সফরের মতো পরিস্থিতিতে তার আমলের প্রতিদান অব্যাহত থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নফল রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন কিংবা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন। এসব আমল তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কিংবা দূরবর্তী সফরে থাকার কারণে আগের মতো আমল করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি যদি নিয়মিত আমল করার আন্তরিক আগ্রহ ধরে রাখেন, তাহলে হাদিসের সুসংবাদ অনুযায়ী আল্লাহ তার জন্য আগের মতোই সওয়াব লিখে দেবেন।

এখানে লক্ষণীয় বিষয় হলো, আমলগুলো নিয়মিত করার অভ্যাস থাকতে হবে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তি ইবাদতে গুরুত্ব দিতেন না, পরে অসুস্থ হয়ে পড়লে কিংবা সফরে গিয়ে আগের আমলের সওয়াব পাওয়ার আশা করলেই তা পাওয়া যাবে না।