মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের অন্যতম প্রধান লক্ষ্য। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য অপরাধ দমন, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের অধিকার রক্ষা করা জরুরি। অপরাধ যখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে, তখন তা আরও জটিল হয়ে ওঠে। মানব পাচার, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, অর্থ পাচার, সাইবার অপরাধ ও আন্তর্জাতিক প্রতারণার মতো কর্মকাণ্ড দেশের ক্ষতি করে এবং বহু মানুষের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এসব অপরাধ প্রতিরোধে রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা প্রয়োজন। ইসলাম এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ এবং মানুষের অধিকার সংরক্ষণের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠনের নির্দেশ দিয়েছে।
আন্তঃদেশীয় অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায়, যার পরিকল্পনা, পরিচালনা, অর্থায়ন কিংবা সংঘটনের সঙ্গে একাধিক দেশের অপরাধী জড়িত থাকে। অপরাধীরা অনেক সময় একটি দেশে বসে অন্য দেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করে। আবার এক দেশ থেকে অন্য দেশে মানুষ, মাদক, অস্ত্র ও অবৈধ অর্থ পাচার করে। আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরাধীদের কার্যক্রমকে আরও বিস্তৃত করেছে। ফলে এসব অপরাধ প্রতিরোধে একটি দেশের একক প্রচেষ্টা অনেক সময় যথেষ্ট হয় না। প্রয়োজন হয় বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিচারব্যবস্থার মধ্যে সমন্বয়।
মানুষের ক্ষতি করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। ইসলাম কোনো অপরাধকে ভৌগোলিক সীমানার কারণে ছোট বা বড় করে দেখে না। মানুষের অধিকার ক্ষুন্ন হলে তা প্রতিরোধ করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য।
ইসলাম অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না।’ (সুরা মায়েদা ২)।
এ আয়াতের নির্দেশনা আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপরাধ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা, তথ্য বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণ সৎকর্মের অন্তর্ভুক্ত। অন্যদিকে অপরাধীদের আশ্রয় দেওয়া, তাদের অর্থায়ন করা, অবৈধ পণ্য পরিবহনে সহায়তা করা কিংবা অপরাধের তথ্য গোপন করা পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতার শামিল। তাই কোনো ব্যক্তি বা রাষ্ট্রের উচিত নয় অপরাধী চক্রের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখা।
মানব পাচার আন্তঃদেশীয় অপরাধের অন্যতম ভয়াবহ রূপ। উন্নত জীবন, ভালো চাকরি কিংবা অধিক আয়ের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হয়। অনেককে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়। নারীদের যৌন নিপীড়ন ও শোষণের শিকার হতে হয়। শিশুদেরও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। এসব কর্মকাণ্ড মানুষের স্বাধীনতা, মর্যাদা ও মৌলিক অধিকার কেড়ে নেয়। ইসলাম মানুষের মর্যাদাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মানুষের মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।
মানব পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালানও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক মানুষের বিবেক, সুস্থতা ও কর্মক্ষমতা নষ্ট করে। পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং অপরাধপ্রবণতা বাড়ায়। মাদকব্যবসার অর্থ অনেক সময় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র কেনাবেচা ও অন্য অপরাধে ব্যবহৃত হয়। ইসলাম মানুষের জীবন ও বুদ্ধিবৃত্তির সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। তাই নেশাদ্রব্য এবং সেগুলোর ব্যবসা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একইভাবে অবৈধ অস্ত্রের বিস্তার নিরপরাধ মানুষের জীবনকে বিপন্ন করে। অস্ত্র চোরাচালান ও অপরাধী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে দেওয়াও অন্যায়কে সহযোগিতা করার অন্তর্ভুক্ত। এসব অপরাধ প্রতিরোধে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং অপরাধী চক্রের অর্থ ও সরবরাহ ব্যবস্থা বন্ধ করা জরুরি।
অর্থপাচার আন্তঃদেশীয় অপরাধের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুর্নীতি, ঘুষ, প্রতারণা, মাদকব্যবসা ও অন্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ এক দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। অনেক সময় এসব অর্থ বৈধ ব্যবসা বা বিনিয়োগের আড়ালে লুকানো হয়। এর ফলে রাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, দুর্নীতি বাড়ে এবং অপরাধীরা তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ পায়। ইসলাম অবৈধভাবে মানুষের সম্পদ ভোগ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ করো না এবং মানুষের সম্পদের কিছু অংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশে তা বিচারকদের কাছে পেশ করো না।’ (সুরা বাকারা ১৮৮)
বর্তমান সময়ে সাইবার অপরাধও আন্তঃদেশীয় অপরাধের বড় একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। এক দেশে বসে অন্য দেশের মানুষের ব্যাংক হিসাব থেকে অর্থ চুরি, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, পরিচয় জালিয়াতি, অনলাইন প্রতারণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে। এসব অপরাধের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগে। ইসলাম মানুষের আমানত রক্ষা এবং অন্যের অধিকার অক্ষুন্ন রাখার নির্দেশ দিয়েছে। কারও ব্যক্তিগত তথ্য, সম্পদ কিংবা গোপনীয়তা অন্যায়ভাবে ব্যবহার করা খেয়ানত। প্রযুক্তির ব্যবহার করে অপরাধ সংঘটিত করলেও তার নৈতিক ও ধর্মীয় দায় থেকে মুক্তি পাওয়া যায় না।
অপরাধ প্রতিরোধের অন্যতম শর্ত হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা। অপরাধী যে দেশের নাগরিক হোক, তার পরিচয়, সম্পদ, রাজনৈতিক প্রভাব কিংবা সামাজিক মর্যাদা দেখে বিচার করা যাবে না।
লেখক : ধর্মীয় নিবন্ধকার