বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নিরীহ মানুষ হত্যা, পথচারীদের দুর্ভোগে ফেলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষতি শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকে। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করার অধিকার কারও নেই। এসব কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম কী বলে এবং অপরাধীদের দুনিয়া ও আখেরাতে কী পরিণতি হতে পারে, তা কোরআন-হাদিসের আলোকে জানা প্রয়োজন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যা করল, অন্য কোনো প্রাণের হত্যার অপরাধ কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়েদা ৩২)
চলন্ত বাসে আগুন দিলে সেখানে থাকা শিশু, নারী, বৃদ্ধ কিংবা সাধারণ যাত্রীর জীবন বিপন্ন হয়। কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ কর্মস্থলে, কেউ ফিরছেন পরিবারের কাছে। একজনের মৃত্যুতে একটি পরিবার অভিভাবক হারায়, সন্তান এতিম হয়। কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। মহান আল্লাহ বলেন, ‘পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা সেখানে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সুরা আরাফ ৫৬)
বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, ভাঙচুর, মানুষের চলাচলে বাধা এবং জনজীবন বিপর্যস্ত করা সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব ঘটনায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মজীবন ব্যাহত হয়। ইসলাম এ ধরনের বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছে।
রাষ্ট্রীয় সম্পদ হলো জনগণের সম্পদ। রাস্তা, সেতু, যানবাহন ও বিভিন্ন স্থাপনা নির্মাণে জনগণের অর্থ ব্যয় হয়। এসব সম্পদ ভাঙচুর বা পুড়িয়ে দিলে ক্ষতির বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হয়। ব্যক্তি মালিকানাধীন বাস, দোকান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করলেও মানুষের জীবিকা ধ্বংস হয়।
যারা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করে, মানুষের জীবিকা নষ্ট করে, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করে এবং জনমনে আতঙ্ক ছড়ায়, তাদের কর্মকাণ্ডে দেশের সামগ্রিক ক্ষতি হয়। নিজেদের স্বার্থে দেশের অমঙ্গল ডেকে আনা কোনোভাবেই কল্যাণকর কাজ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান অন্য মুসলমানের জন্য হারাম। (সহিহ মুসলিম)
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হলো, তাদের হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।’ (সুরা মায়েদা ৩৩)
ইসলামি আইনশাস্ত্রে এ আয়াতটি সন্ত্রাস ও জননিরাপত্তার বিরুদ্ধে গুরুতর অপরাধের বিধানের সঙ্গে সম্পর্কিত। তবে সব ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের শাস্তি এক নয়। অপরাধের ধরন, মাত্রা ও প্রমাণ অনুযায়ী বিচার করতে হয়।
যারা সরাসরি অপরাধে অংশ নেয়, তাদের পাশাপাশি যারা পরিকল্পনা করে, নির্দেশ দেয়, অর্থায়ন করে কিংবা জেনেশুনে সহিংসতায় উসকানি দেয়, তাদের ভূমিকাও যাচাই করা প্রয়োজন।
লেখক : ধর্মীয় নিবন্ধকার