সহনশীল মানুষ আল্লাহর প্রিয়

মানুষ সমাজবদ্ধ জীব। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে তাকে নানা ধরনের মানুষের সঙ্গে চলতে হয়। সবার চিন্তাভাবনা, পছন্দ, অভ্যাস ও মতামত এক রকম হয় না। অনেক সময় বিরূপ আচরণের মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে নিজেকে সংযত রাখা, অন্যের ভুলত্রুটি ক্ষমা করা এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। এটাকে বলা হয় সহনশীলতা, যা মানুষের উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সহনশীলতা মানুষকে ব্যক্তিগত জীবনে শান্তি দেয়, পারিবারিক সম্পর্ক সুন্দর করে এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। ইসলাম এই গুণকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে বারবার ধৈর্য, ক্ষমা, কোমলতা ও উদারতার শিক্ষা দেওয়া হয়েছে।

সহনশীলতা কী : সহনশীলতা বলতে অন্যের মতামত, আচরণ, ভুলত্রুটি ও ভিন্নতাকে বিবেচনার সঙ্গে গ্রহণ করার মানসিকতাকে বোঝায়। এর অর্থ সব অন্যায় মেনে নেওয়া নয়। বরং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েও সীমালঙ্ঘন না করা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং প্রতিশোধের পরিবর্তে ন্যায়সংগত সমাধানের চেষ্টা করাই প্রকৃত সহনশীলতা। একজন সহনশীল মানুষ নিজের মতের বাইরে অন্যের মতামতও মনোযোগ দিয়ে শোনেন। তিনি সামান্য বিষয়ে উত্তেজিত হন না। কারও ভুল হলে তাকে অপমান না করে সংশোধনের সুযোগ দেন।

কোরআনে সহনশীলতার শিক্ষা : পবিত্র কোরআনে সহনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান ১৩৪)

এই আয়াতে রাগ নিয়ন্ত্রণ ও মানুষকে ক্ষমা করার বিষয়টি মুমিনের গুরুত্বপূর্ণ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মানুষের রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু সেই রাগের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করা কিংবা প্রতিশোধ নেওয়া উচিত নয়। বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ক্ষমা ও উদারতার পরিচয় দিতে হবে।

অন্যের খারাপ আচরণের জবাবে ভালো আচরণ করার নির্দেশও দিয়েছে ইসলাম। আল্লাহ বলেন, ‘ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো তা দ্বারা, যা উত্তম। ফলে তোমার সঙ্গে যার শত্রুতা রয়েছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।’ (সুরা ফুসসিলাত ৩৪)

এ আয়াত মানুষকে প্রতিশোধপরায়ণ না হয়ে উত্তম আচরণের মাধ্যমে বিরোধ দূর করার শিক্ষা দেয়। অনেক সময় একটি সুন্দর কথা, ক্ষমাসুন্দর আচরণ কিংবা সামান্য উদারতা দীর্ঘদিনের শত্রুতাও কমিয়ে দিতে পারে।

অন্যদিকে আল্লাহ মানুষকে সুন্দর ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম কথা বলো।’ (সুরা বাকারা ৮৩) অর্থাৎ মতের অমিল হলেও কাউকে অপমান করা, কটু কথা বলা কিংবা অশালীন আচরণ করা যাবে না। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে।

সহনশীলতার ক্ষেত্রে মহানবী (সা.)-এর জীবন আমাদের জন্য অনন্য আদর্শ। মক্কা বিজয়ের দিন তিনি সেই মানুষদের ক্ষমা করেছিলেন, যারা দীর্ঘদিন তাকে ও তার সাহাবিদের নির্যাতন করেছে। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তার এই উদারতা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। এটি সহনশীলতা ও ক্ষমাশীলতার অনন্য দৃষ্টান্ত।

হাদিসে সহনশীলতার গুরুত্ব : রাসুলুল্লাহ (সা.) সহনশীলতা ও কোমল আচরণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার কারণে এমন কিছু দান করেন, যা কঠোরতার কারণে দান করেন না এবং অন্য কিছুর কারণেও তা দান করেন না।’ (সহিহ মুসলিম ২৫৯৩)

অর্থাৎ মানুষের সঙ্গে কোমল আচরণ করা আল্লাহর পছন্দনীয় গুণ। কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়। বিপরীতে নম্রতা ও সহনশীলতা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। বরং প্রকৃত শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি ৬১১৪)

এই হাদিসে শক্তির প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে। শারীরিক শক্তি দিয়ে অন্যকে পরাজিত করা সহজ হতে পারে। কিন্তু রাগের মুহূর্তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন। যে ব্যক্তি এই কঠিন কাজটি করতে পারেন, তিনিই প্রকৃত শক্তিশালী।

সহনশীলতার উপকারিতা :  সহনশীলতা মানুষের দৈনন্দিন জীবনকে সুন্দর ও স্বস্তিদায়ক করে। এর প্রথম উপকার হলো মানসিক প্রশান্তি। যারা সামান্য কথায় রেগে যান, অন্যের ভুল নিয়ে দীর্ঘ সময় ক্ষোভ পুষে রাখেন কিংবা প্রতিশোধের চিন্তায় অস্থির থাকেন, তাদের জীবনে শান্তি কম থাকে। অন্যদিকে সহনশীল মানুষ পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেখান। অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলেন। এতে মানসিক চাপ ও অস্থিরতা কমে।

পারিবারিক জীবনেও সহনশীলতার গুরুত্ব অনেক। স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তানদের মধ্যে মতের অমিল হতে পারে। কেউ ভুল করতে পারেন, কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিতে পারেন। এসব ক্ষেত্রে সহনশীলতা না থাকলে সামান্য বিষয়ও বড় বিরোধে রূপ নেয়। যেমন স্বামী কর্মব্যস্ততার কারণে স্ত্রীর কোনো কথা শুনতে ভুলে গেলেন। স্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ঝগড়া না করে শান্তভাবে নিজের কষ্টের কথা জানালেন। এতে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ তৈরি হলো। এ ধরনের সংযত আচরণ পারিবারিক সম্পর্ক রক্ষা করে।

সামাজিক জীবনেও সহনশীলতা অপরিহার্য। সমাজে নানা ধর্ম, মত, পেশা ও চিন্তার মানুষ বসবাস করেন। সবাইকে নিজের মতো করে ভাবতে বাধ্য করা যায় না। ভিন্নমতকে সম্মান করার মানসিকতা থাকলে সমাজে সম্প্রীতি বাড়ে। মানুষ একে অন্যের সহযোগী হয়ে ওঠে। সামাজিক মতপার্থক্যকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কাও কমে।

কর্মক্ষেত্রে সহনশীলতা সহযোগিতার পরিবেশ তৈরি করে। সহকর্মীদের কাজের ধরন ও চিন্তাভাবনা আলাদা হতে পারে। কোনো সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। এ সময় একে অন্যের কথা শোনা এবং যুক্তির ভিত্তিতে সমাধান খোঁজা প্রয়োজন। সহনশীলতা থাকলে কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা তৈরি হয়।

জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায়ও সহনশীলতা গুরুত্বপূর্ণ। ব্যর্থতা, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা প্রিয়জন হারানোর মতো কঠিন পরিস্থিতিতে মানুষ মানসিকভাবে ভেঙে পড়তে পারে। ধৈর্য ও সহনশীলতা তাকে পরিস্থিতি মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এতে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় স্থিরতা বজায় থাকে।

সহনশীলতা না থাকার ক্ষতি : সহনশীলতার অভাব ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজজীবন পর্যন্ত নানা সমস্যা তৈরি করে। প্রথমত, মানুষের মধ্যে রাগ, ক্ষোভ ও প্রতিহিংসা বাড়ে। সামান্য কথা কাটাকাটি থেকেও বড় বিরোধ সৃষ্টি হয়। মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না। অন্যের মতামতকে গুরুত্ব দেয় না। ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।

পরিবারে অসহিষ্ণু আচরণ অশান্তির অন্যতম কারণ। স্বামী-স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যরা পরস্পরের ভুল ক্ষমা করতে না পারলে সংসারে বিরোধ বাড়ে। সন্তানদের সামনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তারা বড়দের আচরণ থেকে রাগ, জেদ ও অসহিষ্ণুতা শিখতে পারে।

সামাজিক জীবনেও এর পরিণতি ভয়াবহ হতে পারে। ভিন্নমত সহ্য করতে না পারলে মানুষ অন্যকে অপমান করে, হেয় করে কিংবা তার অধিকার ক্ষুন্ন করে। ধর্মীয় ও রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়। এতে সামাজিক ঐক্য ও সম্প্রীতি নষ্ট হয়।

অসহনশীলতা মানুষের বিচারবুদ্ধিকেও প্রভাবিত করে। রাগের সময় মানুষ অনেক ক্ষেত্রে চিন্তা না করেই কথা বলে কিংবা সিদ্ধান্ত নেয়। পরে সেই আচরণের জন্য অনুতপ্ত হতে হয়। কখনো সামান্য উত্তেজনার কারণে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কর্মক্ষেত্রে অসহিষ্ণু আচরণ সহকর্মীদের মধ্যে দূরত্ব তৈরি করে এবং কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে।

মহান আল্লাহ আমাদের সবাইকে সহনশীল আচরণ করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার