থেমে গেছে ‘ফারিণ ঝড়’

হঠাৎ করেই থেমে গেছে তাসনিয়া ফারিণ ‘ঝড়’। এই তো দুই-তিন বছর আগেই নাটক, টেলিফিল্ম ও ওয়েবফিল্মে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি দুই বাংলার চলচ্চিত্র ও মডেলিংয়েও সরব হন তিনি। শুধু কি তাই!

প্রথমবার গান গেয়েও তিনি সুনাম অর্জন করেন। একসঙ্গে এতগুলো কাজের ব্যস্ততা ও প্রশংসা কুড়ানোর কারণ হিসেবে নিজের বিয়েকে আশীর্বাদ বলে উল্লেখ করেন এই মডেল-অভিনেত্রী। ফারিণ বলেছিলেন, ‘বিয়ে আমার জন্য সত্যিই মঙ্গলময় এক অধ্যায়। বিয়ের পরে একের পর এক সাফল্য আসছে।’

কিন্তু তার পরের গল্পটা ধীরে ধীরে অন্যরকম হতে থাকে। চলচ্চিত্র থেকে মনের মতো কোনো প্রস্তাব না পাওয়ায় আবার মিনি পর্দায় ব্যস্ত হচ্ছেন তিনি। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে নায়িকা হওয়ার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। এর আগে ‘ইনসাফ’ সিনেমাতেও খুব একটা সাড়া ফেলতে পারেননি। শুধু তাই নয়, তার প্রথম বাংলাদেশি ‘ফাতিমা’তেও ঝড় তুলতে ব্যর্থ হয়েছের। সবকিছু মিলিয়ে আবারও নিজের চেনা জগতে ফিরছেন এই উঠতি তারকা। শোনা যাচ্ছে, ফারিণের এই প্রত্যাবর্তনে সহশিল্পী হিসেবে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বাঁধার খবর বিনোদন অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

অতীতে শুটিং সেটে ফারিণের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছিলেন জোভান, যা নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের পর নির্মাতার উদ্যোগে অবসান হয় জোভান-ফারিণ দ্বন্দ্বের। এরপর তাদের একসঙ্গে কাজের খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন পর চলতি সপ্তাহে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন একটি নাটক দিয়ে পুনরায় জুটি হয়ে ফিরছেন তারা। যদিও এ নিয়ে সংশ্লিষ্টরা মুখে কুলুপ এঁটেছেন।

তবে কিছুটা আশার খবর হচ্ছে, বেশ কিছুদিন পর আবার ওয়েব দুনিয়ায় পা রেখেছেন তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন তিনি। থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে সিরিজটির কয়েকটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে; যেখানে ফারিণকে দেখা যাচ্ছে লাল শাড়িতে বন্দুক হাতে অ্যাকশন লুকে। সিরিজটি নিয়ে বেশ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী।