বিশ্বসংগীতের চলমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন মার্কিন পপতারকা টেলর সুইফট একসময় কান্ট্রি সংগীত দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে পপসংগীতে বিশ্বজোড়া জনপ্রিয়তা পেলেও এবার নিজের সংগীতজীবনের শুরুর ধারায় ফিরছেন তিনি। ১৩ বছর পর আবারও কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন (সিএমএ) অ্যাওয়ার্ডসের মঞ্চে গান গাইতে যাচ্ছেন । আগামী ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬০তম সিএমএ অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন তিনি। সিএমএ অ্যাওয়ার্ডসের সঙ্গে সুইফটের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালে প্রথমবার এই আয়োজনে অংশ নেন তিনি।
২০০৯ সালে সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে জেতেন বর্ষসেরা বিনোদনশিল্পীর পুরস্কার। ক্যারিয়ারে দুবার এই সম্মান অর্জনের পাশাপাশি ২০১৩ সালে পান মর্যাদাপূর্ণ পিনাকল অ্যাওয়ার্ড। সর্বশেষ ২০১৩ সালে সিএমএ অ্যাওয়ার্ডসে মঞ্চে গান গেয়েছিলেন সুইফট। সেবার ভিন্স গিল ও অ্যালিসন ক্রাউসের সঙ্গে পরিবেশন করেন ‘রেড’। এরপর ২০১৬ সালে অনুষ্ঠানে উপস্থিত হয়ে গার্থ ব্রুকসের হাতে বর্ষসেরা বিনোদনশিল্পীর পুরস্কার তুলে দেন তিনি। এবারের আসরে সুইফটের পাশাপাশি পারফর্ম করবেন লুক কম্বস, ক্রিস স্ট্যাপলটন, মেগান মোরোনি, ভিন্স গিলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।
তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কান্ট্রি সংগীতশিল্পী লেইনি উইলসন।
এদিকে সিএমএ অ্যাওয়ার্ডসের ঠিক দুদিন আগে ঘোষণা করা হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। সেখানে সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবাম এবং ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গানটি মনোনয়নের দৌড়ে আলোচনায় রয়েছে। ১৮ নভেম্বর ন্যাশভিলের ব্রিজস্টোন অ্যারেনায় বসবে সিএমএ অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি ও ডিজনি প্লাস।