মাহমুদুল হকের নির্মোহ বয়ানে দেশভাগের ট্রমা ও মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ নিয়ে কথাসাহিত্যিক মাহমুদুল হকের নিরাসক্ত নির্মোহ বয়ান আমাদের বিস্মিত করে। জীবন আমার বোন এবং খেলাঘর উপন্যাসে তার দুই প্রটাগনিস্ট চরিত্রের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে অস্বস্তি কিংবা দোলাচল প্রথাগত মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে একেবারেই ভিন্ন। জীবন আমার বোন উপন্যাসটিতে ধরা পড়েছে মার্চ মাসের উত্তাল সময়টি। যখন তরুণরা স্বাধীকার অন্দোলনের দাবিতে সোচ্চার। আমরা দেখি মূল চরিত্র খোকা ১৯৭১ সালের রাস্তায় নামে--উন্মাতাল, মিছিল মুখর রাস্তা। খোকা মিছিল দেখে, পাশ কাটিয়ে গন্তব্যে এগোয়। একটা রাষ্ট্রের উন্মেষ কাল, এতবড় ঘটনার নীরব সাক্ষী হয়ে রইলেন তিনি গোটা উপন্যাসে। এত বড় এক আন্দোলনে কেবলই অস্বস্তিতৈরি হচ্ছে তার মনে। জীবনের যে কাক্সিক্ষত ভারসাম্যতার সম্ভাব্য বিচ্যুতি তাকে ভাবায়। সে কোনো টগবগে তরুণ নয় বরং রন্জু নামের এক তরুণীর বড় ভাই, সে কেবলই তার বোনের কথা ভাবতে পারে, ভাবতে চায়।

খেলাঘরেও আমরা দেখি যুদ্ধ মানে প্রাণের ক্ষতি, স্মৃতিতে গভীর ক্ষত। মুক্তিযুদ্ধ মানে কেবলই শৌর্যবীর্য আর সাহসিকতার আখ্যান নয়, কেবল নিপীড়নের বয়ানে নয়। বরং যেকোনো যুদ্ধ শান্তিবিনাশী, হতে পারে মনোবৈকল্য কিংবা অপরিসীম ট্রমার কারণ। নিপীড়নের বয়ান নয় বরং নিপীড়ন পরবর্তী পর্যায়ে মূল চরিত্র ঝুমুর মানসিক ক্ষত এই উপন্যাস জুড়ে। এমন যুদ্ধ বিধ্বস্ত সময়ে ধ্বনির মানসিক বৈকল্য পরিত্যক্ত ভিটে বাড়িতে তিন তরুণ তরুণীর সাময়িক জীবনের বন্দোবস্তে খেলাঘর। অনেক পরে আমরা জানতে পারি যে ঝুমু কি পরিমাণ অপমান এবং শারীরিক নির্যাতনের ক্ষত তার স্মৃতিতে বয়ে বেড়াচ্ছেন। কিন্তু এসব জানার পরও আমরা দেখি প্রটাগনিস্ট তখনো যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি নিতে পেরেছেন।

যেকোনো যুদ্ধ এমনকি মুক্তিযুদ্ধের মহিমা কীর্তন তিনি কোনোভাবেই করেননি। এতে অংশ নেননি। বারবার বলতে চেয়েছেন যুদ্ধ মানে ধ্বংস, ক্ষত আর শেকড়হীনতা। র‌্যাডক্লিফ লাইনের কল্যাণে নিজের শেকড় বারাসাত থেকে রাতারাতি উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গে আসার ক্ষতটিও তিনি বারবার বলে গেছেন। আমরা জানি তার শিশুমনে কী বিরাট কালো বরফ তিনি বহন করে চলে গেছেন। এখানকার সমাজ সংস্কৃতিতে তিনি অভ্যস্ত হতে পারছিলেন না। ছেলেবেলায় একবার তিনি বারাসাতের উদ্দেশে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। কালো বরফ উপন্যাস পড়লে দেশভাগ নিয়ে তার কষ্টের এই বিচিত্র বর্ণনা উপলব্ধি করা যায়।