নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষাব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা : সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ এই সেমিনারের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে। প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত