রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এ মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্নার সামনেই শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেন। মূলত স্ত্রী স্বপ্নার মানসিক সম্মতিতেই এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে বলে রাষ্ট্রপক্ষ থেকে উচ্চ আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (স্বপ্না আক্তার)। এর আগে বিচারিক আদালতের রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা কারাগার থেকে জেল আপিল করেন।
মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু রামিসার বাবা পরিবার নিয়ে রাজধানীর পল্লবীর সেকশন-১১-এর বি-ব্লকের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন এবং বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে পলাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় নিহত রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দ্রুততম সময়ে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ২৫ মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন এবং ওই দিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ একদিনেই সম্পন্ন হয় এবং ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে তা পরিশোধের জন্য জেলা কালেক্টরেট কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল।