২১ জুলাই প্রতিবেদন দাখিল 

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:৩১ পিএম

একযুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

বুধবার (৮ জুলাই) তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, প্রতিবেদনটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। 

চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় ৩০ জন আসামি হতে পারেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শাপলা চত্ত্বরের ঘটনায় ঢাকা ও ঢাকার বাইরে একাধিক জেলায় ৫৮ জন নিহতের তথ্য তারা পেয়েছেন। 

এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। 

গত বছরের ১২ মার্চ এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইতোমধ্যে সাবেক মন্ত্রী দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। এর ধারাবাহিকতায় তদন্ত শেষ করার কথা জানালেন চিফ প্রসিকিউটর। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত