বিএফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘তুই ফ্যাসিস্ট’। এ ঘটনাকে কেন্দ্র করে এফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার ( ১৫ নভেম্বর) বিকালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি গেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন নেতাকর্মী ও কর্মচারীরা অংশ নেন।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য সেই মানববন্ধনে অংশ নেননি। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের সঙ্গে কথা বলতে গেলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয়কে উদ্দেশ্য করে হেলাল খান ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’ ঘটনার বিষয়ে পরবর্তীতে চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কিছু ভক্ত ও লোকজন বসেছিলেন। তায়েব ভাই আসতে দেরি করায় তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং জন্মদিনের কেক কাটতেও এসেছিলেন।
এদিকে এফডিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনার মধ্যেই স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।এই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে স্বামীর প্রতি নিজের সমর্থন ও গর্ব প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে রোমানা লিখেছেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’ ঘটনার পর রোমানা নীড়ের এই সমর্থনমূলক পোস্টটি ঢাকাই চলচ্চিত্রের অন্দরে এবং নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।