গজারিয়ায় দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার দুঃস্থ নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন এবং প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়।
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনির হোসেন।
 
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় দুঃস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা বরাদ্দে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগী নারীরা সেলাইয়ের কাজ শিখে নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 
অন্যদিকে, একই তহবিলের আওতায় ৭৯ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২১ হাজার ৬০০ টাকা বরাদ্দে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
স্কুলব্যাগ বিতরণ প্রকল্পের সভাপতি ছিলেন মো. সালেহ আহম্মেদ (রাসেল)।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, গজারিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো.বাতেন মিয়া,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, গজারিয়া ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রিয়াজ হোসাইন,ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা এ ধরনের সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান।