শিক্ষকদের কোচিং নিষিদ্ধ, কঠোর নজরদারি হবে: ডিসি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি, গণিত ও বিজ্ঞানের শিক্ষকদের কোচিং বা প্রাইভেট পড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (১০ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

আজ দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের যথাযথ পাঠদানের পাশাপাশি লেসন প্ল্যান অনুসরণ করে ক্লাস নিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও দুর্বলতার ভিত্তিতে আলাদা গ্রুপ করে বিশেষ যত্নের মাধ্যমে পাঠদান করতে হবে।

স্কাউটিং কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ার মতো কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিংয়ের ইতিবাচক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় সোনালী মার্কেটসংলগ্ন পুরোনো থানা ভবনে গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন তিনি। এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্কাউটসের পোশাক বিতরণ করেন এবং উপজেলা ভূমি অফিসের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে অংশ নেন জেলা প্রশাসক। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বড় স্বপ্ন পূরণে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং আসক্তি কমাতে হবে। শুধু চিকিৎসক, প্রকৌশলী বা সরকারি চাকরির মধ্যে স্বপ্ন সীমাবদ্ধ না রেখে মঙ্গল গ্রহে বসতি স্থাপনসহ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শ্রেণিকক্ষের পাঠদানের প্রতি আস্থা বাড়াতে হবে। শুধু বিদ্যালয়ে পাঠিয়েই দায়িত্ব শেষ করা যাবে না। তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি অপ্রয়োজনে সন্তানদের হাতে স্মার্টফোন তুলে না দেওয়া এবং অনলাইন ব্যবহারের বিষয়ে সতর্ক নজর রাখা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. শরীফা সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, জেলা প্রশাসকের দেওয়া শিক্ষার মানোন্নয়নবিষয়ক নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে কোচিং বাণিজ্য বন্ধ, মানসম্মত পাঠদান নিশ্চিত করা, স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রমের প্রসার এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে। পাশাপাশি নারীর অগ্রযাত্রা ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত