বগুড়ায় নানা আয়োজনে ছট পূজা অনুষ্ঠিত

বগুড়ায় নানা ধর্মীয় আয়োজনে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব ছট পূজা।

রবিবার সন্ধ্যায় ও সোমবার (১৬ নভেম্বর) সকালে শহরের করতোয়া নদীর তীরে দত্তবাড়ি ও চাষী বাজার এলাকায় এ পূজা অনুষ্ঠিত হয়। এতে বাঙালী ও ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা অংশ নেন।

ছট পূজা মূলত সূর্যদেব ও তার বোন হিসেবে পূজিত ছটী মাইয়ার প্রতি উৎসর্গীকৃত একটি প্রাচীন লোকাচারভিত্তিক ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূর্যদেব জীবন, শক্তি ও সুস্বাস্থ্যের উৎস। পরিবার-পরিজনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সন্তানদের মঙ্গল কামনায় ভক্তরা এ পূজা করে থাকেন। ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে এ উৎসবের ব্যাপক প্রচলন রয়েছে। বাংলাদেশেও বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছট পূজা পালনের ঐতিহ্য রয়েছে।

chot puja 1

বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, ছট পূজা হিন্দু সম্প্রদায়ের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। সূর্যদেবের আরাধনার মধ্য দিয়ে ভক্তরা পরিবার ও স্বজনদের কল্যাণ কামনা করেন। ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অনুসরণ করে প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়।

chot puja2

ডালপট্টি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল বলেন, ছট পূজার আয়োজন শুরু হয় কয়েক দিন আগে থেকেই। পূজারীরা শুদ্ধতা ও সংযমের সঙ্গে ব্রত পালন করেন। নির্দিষ্ট দিনে নদী বা জলাশয়ের তীরে গিয়ে সূর্যাস্তের সময় অস্তগামী সূর্যকে এবং পরদিন সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। ফলমূল, আখ, ডাবসহ বিভিন্ন উপকরণ দিয়ে পূজার আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনরাও উপস্থিত থাকেন।

পূজা উপলক্ষে করতোয়া নদীর তীরে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।