পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে পররাষ্ট্রনীতির আহ্বান

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে নিজেদের কণ্ঠস্বর জোরালো করার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ ও কূটনীতিকেরা। তারা বলেছেন, বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতার ভারসাম্যে দ্রুত পরিবর্তন ঘটছে। এই অস্থির সময়ে জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

সোমবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এম এম আলী ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান সংস্থা ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশ যৌথভাবে ‘পরিবর্তনশীল বিশ্ব: ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ। এআই এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে।

সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস বলেন, বিশ্বে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর মূল্যবোধেও পরিবর্তন এসেছে। এতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য প্রকট হচ্ছে। জাতিসংঘে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রই মূলত বড় সিদ্ধান্ত নেয়, ফলে বাংলাদেশের মতো দেশগুলোকে উন্নয়নের জন্য প্রতিনিয়ত সমঝোতার ওপর নির্ভর করতে হয়। বিশ্বে নিজেদের লক্ষ্য অর্জন ও শক্তিশালী অবস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গেরডেস বৈশ্বিক অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরে বলেন, চীনের উত্থানের ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। জার্মানির মতো দেশের শিল্প খাতও নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, যার প্রভাব পড়ছে মজুরি ও রাজস্বে। বিশ্বজুড়ে ধনীদের কাছ থেকে কর আদায় কঠিন হয়ে পড়ছে এবং অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির পুনর্গঠন জরুরি, তবে সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বিশ্বব্যবস্থা কখনোই স্থির থাকে না; এটি মূলত রাজনৈতিক আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে গড়ে ওঠে। প্রচলিত বিশ্বব্যবস্থা ও নীতিমালা এখন প্রশ্নের মুখে। তবে ব্যক্তি ও রাষ্ট্র—উভয় পর্যায় থেকেই নতুন নীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য সঙ্গীতা রায়ামাঝি বাংলাদেশ, সার্বিয়া ও কেনিয়ায় ‘জেন-জি’ আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, সমাজ ও বিশ্বকে বদলে দেওয়ার ক্ষেত্রে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবনিরাপত্তা ও শান্তি যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন তরুণদের কণ্ঠস্বর শোনা ও তাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

এইউডব্লিউর মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো থমাস জেমস নিউবোল্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।