চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জন রোগীকে বাছাই করা হয়। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা ও লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রফেসর ডা. এস এ ফারুকের ব্যক্তিগত উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা করা হয়। চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের উপযোগী ২০০ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন— বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়বসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রফেসর ডা. এস এ ফারুক বলেন, মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে উদ্দেশ্যে দীর্ঘ ১২ বছর ধরে মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছেন তিনি। মিরসরাইয়ের পাশাপাশি ফটিকছড়ির দাঁতমারায়ও ছয় বছর ধরে এ কার্যক্রম চলছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।