ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) সুফিয়া আক্তার, হোলসেল ব্যাংকিং ডিভিশন-এর নির্দেশনার আলোকে ‘আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬’ উপলক্ষে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউসিবি পিএলসি চন্দনাইশ শাখার হেড অব ব্রাঞ্চ ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) রিজওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার তৌহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার এক্সিকিউটিভ অফিসার মো. রফিক আহমদ।
মতবিনিময় সভায় সম্মানিত গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে পল্লী মঙ্গল সংস্থা ও কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক ও সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি নীতিমালার আলোকে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনায় সঞ্চয় ও ব্যক্তিগত বাজেট প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহার, ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি ও সাইবার নিরাপত্তা, নারী উদ্যোক্তা ও এসএমই খাতের বিকাশ, কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, স্কুল ব্যাংকিং এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দৈনন্দিন আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং নগদ লেনদেনের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেনের অভ্যাস গড়ে তুলতে হবে। উচ্চ সুদের মহাজনী ঋণ থেকে বিরত থেকে ব্যাংকের সহজ শর্তের ঋণ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ডেবিট/ক্রেডিট কার্ডের পিন নম্বর, ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংক হিসাবের গোপনীয় তথ্য কখনোই কারো সঙ্গে শেয়ার না করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ইউসিবি'র মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল সেবা নিরাপদ ও সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সভায় নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ পাওয়ার সুযোগ, ইউসিবি'র বিশেষ নারী ব্যাংকিং সেবা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সম্প্রসারণে ব্যাংক থেকে পরামর্শ ও ঋণ সহযোগিতা, প্রকৃত কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ এবং সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই সঞ্চয়মুখী করে তুলতে স্কুল ব্যাংকিং হিসাব খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অবৈধ চ্যানেলের পরিবর্তে সম্পূর্ণ নিরাপদ ও বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানোর জন্য পরিবার ও প্রবাসীদের উৎসাহিত করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা ইউসিবি'র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।