টানা ১৩ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি

আন্দোলনের মুখে টানা প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন। এই উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে উচ্চ আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং একপর্যায়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল ৩টার দিকে তারা মূল ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন।

সোমবার রাত ১০টার দিকে উপাচার্য পুলিশের সহায়তায় ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়েন। এক পর্যায়ে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপাচার্য তার নিজ কার্যালয়ে ফিরে যান। সেখানে গিয়েই তিনি সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন।

এদিকে আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে মোকাবিলায় সোমবার রাতেই জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়। এর আগে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে তিনি পুলিশ প্রহরায় বেরিয়ে যান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক অধিকার আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন রানা জানান, যেহেতু কর্তৃপক্ষ তিন দিনের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী রবিবার থেকে ফের আন্দোলনে যাবে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।