সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি চলে। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। অন্যদিকে পাল্টা কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ৮ টায় এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন । আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চললেও কোন সমাধান হয়নি৷
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অ-সাধারণ ছুটি হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও তারা প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে তারা বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।