রাজধানীতে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিক নিহত

রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে বাসের ধাক্কায় মশিউর রহমান হাসান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তানজিল পরিবহন বাসেরই চেকার হিসেবে চাকরি করতেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। 

তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসিম উদ্দিন রোডে বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে একটি বাস সিগনাল দিয়ে দাঁড় করানোর সময় ওই বাসেরই ধাক্কা লাগে হাসানের। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনরা জানান, তার বাড়ি মাগুরায় শালিখা উপজেলা বয়রা গ্রামে। বর্তমানে মিরপুর-১, ই ব্লকে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।