গার্দিওলাকে সুলিভানদের দায়িত্ব নিতে বললেন পচেত্তিনো

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা আর এস্পানিওলের নগর প্রতিদ্বন্দ্বী, আর কোচিং ক্যারিয়ারে ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বারের মুখোমুখি লড়াই, পেপ গার্দিওলা ও মাউরিসিও পচেত্তিনোর সম্পর্কটা দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার। ফুটবলের এই দুই মহারথী এবার নতুন এক সমীকরণে আলোচনায়। 

মাত্র তিন মাস আগেও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছিলেন পচেত্তিনো; কিন্তু ফুটবলের নাটকীয় পালাবদলে তিনি এখন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্যদিকে, এক বছরের কোচিং বিরতিতে থাকা সাবেক ম্যানচেস্টার সিটি বস গার্দিওলার সঙ্গে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) আলোচনার গুঞ্জন ডালপালা মেলছে। বিদায়বেলায় নিজের উত্তরসূরি হিসেবে তাই স্বয়ং গার্দিওলাকেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জোরালো পরামর্শ দিলেন আর্জেন্টাইন এই কোচ। 

গত সেপ্টেম্বরে ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসি ও রেড বুল নিউইয়র্কের ম্যাচ দেখতে এসেছিলেন গার্দিওলা। সেদিন গ্যালারিতে গার্দিওলার পাশে বসেছিলেন পচেত্তিনো, তাঁর সহকারী হেসুস পেরেজ এবং ইউএস সকারের সিইও জেটি ব্যাটসন। 

বিদায়ী সফরে সোমবার সাংবাদিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টার আলাপচারিতায় সেই স্মৃতিচারণ করে পচেত্তিনো হাসতে হাসতে বলেন, ‘আপনারা জানেন আমি সেদিন কী লক্ষ্য করেছিলাম? জেটির (ব্যাটসন) সঙ্গে গার্দিওলার দারুণ একটি সম্পর্ক তৈরি হয়েছে।’

গার্দিওলা যদি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব পান তবে পচেত্তিনোর পরামর্শ কী হবে, এমন প্রশ্নের জবাবে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিদায়ী কোচ।তিনি বলেন, ‘দায়িত্বটা নিয়ে নাও। কেন? কারণ ফেডারেশনে আসার জন্য এটাই একদম উপযুক্ত সময়। সবকিছু সঠিক পথে এবং সঠিক দিকনির্দেশনায় এগোচ্ছে। অবশ্যই দায়িত্বটা নাও। তুমি এখানে সত্যিই খুব ভালো মানের খেলোয়াড় এবং ভালো মানুষ পাবে, এখানকার খেলোয়াড়রা তোমার খেলার ধরনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে পারবে।’ 

যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রায় দুই বছরের অধ্যায়ে মেজর লিগ সকার (এমএলএস) থেকে অ্যালেক্স ফ্রিম্যান ও সেবাস্তিয়ান বারহাল্টারের মতো অখ্যাত তরুণদের তুলে এনে ইউরোপীয় ফুটবলের পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন পচেত্তিনো। লিগের মানের চেয়ে খেলোয়াড়ের ব্যক্তিগত ফর্মকেই বড় করে দেখেন তিনি। এ প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘আপনাকে খেলোয়াড়ের ব্যক্তিগত সামর্থ্যকে মূল্যায়ন করতে হবে। সে যদি ভালো খেলে, তবে লিগের মান কোনো বিষয় নয়। ফ্রিম্যান বা সেবাস্তিয়ানই এর বড় উদাহরণ। সব জায়গাতেই প্রতিভা আছে। লিগের মান দিয়ে খেলোয়াড়ের যোগ্যতা বিচার করার ভুলটা আমরা করতে পারি না।’ 

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পরিবার ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো উপভোগ করলেও, ক্লাব ফুটবলের প্রতিদিনের ব্যস্ততা ও সংবাদ সম্মেলনের উত্তেজনা ভীষণ মিস করছিলেন পচেত্তিনো। গার্দিওলাও সেপ্টেম্বরে তাঁকে প্রিমিয়ার লিগে ফেরার কথা জিজ্ঞেস করেছিলেন।

নিজের ক্লাব ফুটবলে ফেরার সিদ্ধান্ত ও ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যালেঞ্জ নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমি ফেরার জন্য প্রস্তুত। প্রতিদিনের এই ব্যস্ততা আমি কিছুটা মিস করছিলাম। ইউনাইটেডের মতো এমন সুযোগ এলে আপনি 'হ্যাঁ' বলবেনই। আমি আবারও নিজেকে প্রমাণ করতে চাই। তা ছাড়া বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের কোচের পদটি ইউরোপের চোখে এখন অনেক বেশি মর্যাদাপূর্ণ। যখন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাব যুক্তরাষ্ট্রের কোচকে নিতে আসে, তখন অন্য কোচরাও এটিকে দারুণ সুযোগ হিসেবে দেখবে। আমার মনে হয় ইউনাইটেডের এই চাকরিটা যুক্তরাষ্ট্রের কঠিন দায়িত্ব পালনেরই পুরস্কার।’