মাথায় বলের তীব্র আঘাতে প্রাণ হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

স্প্যানিশ ফরোয়ার্ড হেসুস দে মিগেলের করুণ মৃত্যুর শোক বিশ্ব ফুটবল পেরিয়ে আসার আগেই আর্জেন্টিনায় ঘটে গেল আরেকটি অপূরণীয় ট্র্যাজেডি। আর্জেন্টিনার যুব লিগের ম্যাচে মাঠেই ফুটবলের জোরালো আঘাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এফসি এজেইজার ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার আবেল নুনেজ। 

বুয়েনস আইরেসের হোসে সি পাসের ক্লাব অ্যাথলেতিকো লা সোনায় আয়োজিত ‘জুভেনিলেস সি কোপা দে প্লাতা’ প্রতিযোগিতায় এজেইজা ও দেপোর্তিভো মুনিজের মধ্যকার পঞ্চম ডিভিশনের সেই যুব ম্যাচে প্রতিপক্ষের ক্লিয়ার করা একটি অত্যন্ত জোরালো বল ক্লোজ রেঞ্জ থেকে সরাসরি আবেলের মাথায় আঘাত হানলে তিনি সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়; কিন্তু চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও অস্ত্রোপচারের পরে আর তাঁকে বাঁচানো যায়নি। 

এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যাওয়া ম্যাচটির প্রত্যক্ষদর্শী ও দেশটির দীর্ঘদিনের যুব ফুটবল রিপোর্টার ক্রিস্তিয়ান রোম্পানি আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাঁর ত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে এত জোরে বল শট হতে তিনি কখনো দেখেননি। 

ম্যাচটি যখন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে এগোচ্ছিল, ঠিক তখনই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। দেপোর্তিভো মুনিজের একজন ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে নজিরবিহীন শক্তিতে কিক করেন। ক্লোজ রেঞ্জ থেকে আসা সেই বল সামলানোর কোনো সুযোগই পাননি আবেল। ঘটনার ভয়াবহতা বর্ণনা করে সাংবাদিক রোম্পানি বলেন, ‘এটি ঠিক নকআউটের মতো ছিল। ছেলেটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই মাটিতে লুটিয়ে পড়েছিল। এটি ছিল একটি খুব কঠিন ম্যাচ। মুনিজের এক ডিফেন্ডার মার্কিংয়ের মধ্যে পড়ে বল ক্লিয়ার করে, যা ছিল তার একমাত্র সুযোগ। সে এত অস্বাভাবিক শক্তিতে বলটি শট করেছিল যে, যুব ফুটবলে আমার প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে এমন শট আমি কখনো দেখিনি। বলটি চার-পাঁচ মিটারের বেশি ওপরে ওঠারও সুযোগ পায়নি সরাসরি গিয়ে আবেলের মাথায় আঘাত হানে।’

মাঠে বলের আঘাতে আবেল লুটিয়ে পড়ার পর মুহূর্তেই সেখানে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। মুনিজের দলীয় চিকিৎসক দ্রুত ছুটে গিয়ে কোনো ধরনের নড়াচড়া না করিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। তবে জরুরি পরিস্থিতিতে ঘাড়ের ব্রেস ছাড়াই তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকের প্রাথমিক অবস্থা নিয়ে রোম্পানি জানান, ‘চিকিৎসক দ্রুত হাঁটু গেড়ে বসে তাকে পরীক্ষা করেন এবং আমি তার প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছিলাম। তিনি আমাকে পরে বলেছিলেন, 'ছেলেটির শ্বাস-প্রশ্বাস বেশ অদ্ভুত ছিল।’

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মাঠে চিকিৎসক উপস্থিত থাকলেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকায় তাকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে কিছুটা সময় অপচয় হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ও অস্ত্রোপচার সত্ত্বেও শেষ পর্যন্ত ব্রেইনে মারাত্মক রক্তক্ষরণ ও খুলিতে ফাটল নিয়ে গত রবিবার না ফেরার দেশে চলে যান তরুণ এই ফুটবলার। ফুটসালের ক্লাব নুয়েভা এস্ত্রেলা ও এফসি এজেইজা উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক বার্তায় আবেলের বিদেহী আত্মার শান্তি কামনা করে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। সম্ভাবনাময় এক তরুণের এমন আকস্মিক প্রস্থান স্তব্ধ করে দিয়েছে গোটা আর্জেন্টাইন ফুটবল অঙ্গনকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত