তিন বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা

তিন বছর পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সূজাউদ্দীন সুজনকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের একটি ঘোষণা করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এই কমিটিতে সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি পেয়ে যুবদল শহরে আনন্দ মিছিল করেছে। 

সোমবার (১৭ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অসাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি সোমবার এই কমিটি অনুমোদন দেন। 

এর আগে সবশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। 

নতুন কমিটির সভাপতি মোল্লা সূজাউদ্দীন সুজন সাংবাদিকদের বলেন, তিন বছর বিএনপির অন্যতম প্রাণশক্তি যুবদলের বাগেরহাট জেলা কমিটি ছিলনা। কমিটি না থাকলেও যুবদল মাঠে থেকে দলের সব ধরনের আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো। নতুন কমিটি দেয়ার জন্য বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে  অগ্রণী ভূমিকা পালন করবে।