সুন্দরবনের পশুর নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি, যা জানা গেল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

সুন্দরবনের পশুর নদে অন্য একটি নৌযানের ধাক্কায় ১ হাজার ২৫০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার(২৬ অক্টোবর) রাতে হারবাড়িয়া-সংলগ্ন সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ফুলবাড়ী’। মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ 'এমভি ইয়াস জুপিটার' থেকে কয়লা বোঝাই করে এটি ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়েছিল। পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে 'এমটি জান্নাতুল ফেরদৌস' নামের একটি তেলবাহী বাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফুলবাড়ীর তলা ফেটে যায়।

ফুলবাড়ীর সুকানি মো. সাকিব কাজী বলেন, রাত সাড়ে ৯টার দিকে হিরণ পয়েন্ট থেকে কয়লা বোঝাই করে তাঁরা মোংলার দিকে আসছিলেন। তখন জান্নাতুল ফেরদৌস নামের বাঙ্কারটি ডাউনে নামছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের জাহাজে ধাক্কা দেয়। এতে জাহাজের ডেক ফেটে পানি ঢুকতে শুরু করে।

সাকিব বলেন, তখন আমরা জাহাজটি কিনারের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এর মধ্যেই এটি ডুবতে শুরু করে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে লাফ দিয়ে সাঁতরে অন্য একটি জাহাজে উঠি।

অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের লস্কর মো. নয়ন শেখ দাবি করেন, অ্যাঙ্করের সমস্যার কারণে তাঁদের বাঙ্কারটি সরে মূল চ্যানেলে চলে আসে। তিনি বলেন, 'আমি সামনে এসে লাইট দিয়ে সংকেত দিতে দিতেই ধাক্কা লেগে যায়। ধাক্কায় তিনি ছিটকে ফুলবাড়ীতে গিয়ে পড়েন।

ফুলবাড়ীতে মোট ৯ জন ছিলেন। তাঁদের সঙ্গে নয়ন শেখসহ মোট ১০ জনকে রানীয়া-১৩ নামের একটি জাহাজ উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। তাঁরা এখন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার কার্যালয়ে আছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সোমবার হিরণ পয়েন্টে অবস্থানরত একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। তাঁর ভাষ্য, ডুবে যাওয়া জাহাজটি নদীর কিনারার দিকে আছে, ফলে অন্য নৌযান চলাচলে সমস্যা হচ্ছে না।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে এবং নৌযান চলাচলও স্বাভাবিক। তিনি জানান, জাহাজটি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত