সম্পদের তথ্য গোপন করা আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

ছয় কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আওয়ামী লীগ নেতা শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মন্ডল বাদী হয়ে  মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এই মামলা দুটি দায়ের করেন।

অভিযুক্ত শাহীনুল আলম ছানা জেলার মোল্লাহাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালে দুদকের জেলা কার্যালয় শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এতে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে কমিশনে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে। কমিশনে দাখিল করা বিবরণীতে, শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখায়। ২০২৫ সালের ১৮ মার্চ তারা দুদকে বিবরণী জমা দেন।

দুদকের অনুসন্ধানে শাহিনুল আলম ছানার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনে দাখিল করা বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর, মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। দায় দেখিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।

তবে তথ্য যাচাইয়ে দুদক তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর ও ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর, মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পেয়েছে। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, তিনি মোট ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এজাহারে ঘটনার সময় ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

অন্য মামলার শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। অথচ অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য মিলেছে। এ মামলার ঘটনার সময় ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (ডিএডি) মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন,  মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে। আসামি শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলম বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দুটি নাম্বারই বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত