আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২’-এর চ্যাম্পিয়ন হয়েছে লেগ্যাসি ইউনাইটেড। রবিবার রাজধানীর পূর্বাচলের ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ২–০ গোলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল বাইনারি ব্লাস্টার্সকে হারিয়ে শিরোপা জেতে ব্যবসায় প্রশাসন বিভাগের দলটি।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শাওন। একই বিভাগের আমিনুল হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানিম।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ, স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক ও মডারেটর মুহাম্মদ আবু নাজিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া প্রয়োজন।

স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম বলেন, শ্রেণিকক্ষের পাশাপাশি খেলার মাঠও শিক্ষার গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, নেতৃত্ব, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং জয়-পরাজয় ইতিবাচকভাবে গ্রহণ করার শিক্ষা পায়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়র্স, ব্যবসায় প্রশাসন বিভাগের লেগ্যাসি ইউনাইটেড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের জাস্টিস অ্যাথলেটিক এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস।