বাঁশখালী‌

বনকর্মীদের ওপর হামলার মামলায় চার আসামি কারাগারে

চট্টগ্রামের বাঁশখালীতে বনভূমি দখল, সরকারি কাজে বাধা ও দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় জামিনের আবেদন করা দুই নারী আসামির জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ শুনানি শেষে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া (সিন্নিমুড়া) এলাকার মো. বোরহান (২৫), একই এলাকার ইজ্জত আলী (৩৮), মো. এহছান (২৫) ও  মোস্তফা আলী (৪৫)।

জামিনপ্রাপ্ত নারীরা হলেন মো. লিয়াকত আলীর স্ত্রী নাছিমা আক্তার (২৭) ও ইজ্জত আলীর স্ত্রী আক্তারনী (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্কের আওতাধীন জঙ্গল শীলকূপ এলাকার সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কেটে বসতঘর নির্মাণের খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের সরকারি কাজে বাধা দেন এবং তাদের ওপর হামলা চালান। এতে ছয় থেকে সাত বনকর্মী আহত হন। এ ঘটনায় বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ও জলদী অভয়ারন‌্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বাদী হয়ে গত ৮ নভেম্বর বাঁশখালী থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক জানান, মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীসহ অন্য অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হননি। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন বলেন, জামিন নিতে যাওয়া ছয়জনের মধ্যে চারজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।