যমজ শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী দুই যমজ শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবার নাম মো. জাহেদ (৫৫)। তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তিনি। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তিনি জানান, শিশুরা মসজিদে গেলে পায়খানা-প্রস্রাব করতে পারে। এ কারণে দুই মেয়েকে বাড়িতে রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা মসজিদে যান।

বিকেলে বাড়িতে ফিরে তাঁরা ঘরের সব দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে মরদেহগুলো হেফাজতে রেখে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছিল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে জাহেদ তাঁর দুই যমজ মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত