মুন্সীগঞ্জে খড়ের স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপের পাশ থেকে মো. আলমগীর (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের পরিবানু কিন্ডারগার্টেনের সামনে রাস্তার পাশে খড়ের স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আলমগীর জেলা সদরের বিনোদপুর গ্রামের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় কালিনগর থেকে খাসমহল বালুচর যাওয়ার সংযোগ সড়কের পাশে পরিবানু কিন্ডারগার্টেনের সন্নিকটে খড়ের স্তূপের কাছে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।