খুলনায় জজকোর্ট ও সার্কিট হাউস মাঠে ককটেল বিস্ফোরণ

নগরীর সিটি কর্পোরেশন ভবনে ককটেল বিস্ফোরণের দুইদিন পর জেলা জজ আদালত ও সার্কিট হাউস মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯ টায় কয়েক মিনিটের ব্যবধানে দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন আদালতের নিরাপত্তা কর্মী  এস এম মুরাদ আহমেদ।

মুরাদ বলেন, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপের পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে দেন। এর কয়েক মিনিট পর আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মাঝামাঝি ও সার্কিট হাউসের সীমানাপ্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে থাকা লোকজন ছুটে আসেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর সার্কিট হাউস এলাকায় পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কে বা কারা এর সাথে জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে খুলনা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যেয়ে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, জজকোর্ট ও সার্কিট হাউস এলাকায় দুইটি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে পুলিশ খুঁজে বের করার জন্য তৎপরতা চালাচ্ছে।

এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায়  নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।