খুলনায় যৌথবাহিনীর অভিযানে মধ্যেই গুলিবিদ্ধ ২

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম

খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী ও মো. খালেক একজন ভ্যানচালক। তারা দুজন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে।

এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়ংঘাটা থানার ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তি একজন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময়ে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত