কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তারা দেশ-বিদেশে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
পরাজিত ফ্যাসিস্টের দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তাই বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে এসে দাঁড়াতে হবে। ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদের আবার চব্বিশের চেতনায় আমরা গুঁড়িয়ে দিতে চাই।
সংসদ নেতা বলেন, তিন দশক আগে দেশনেত্রী খালেদা যে আওয়াজ তুলেছিলেন, আমরাও আজ সেই আওয়াজ তুলে বলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ এই হোক আজকের অধিবেশনের এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না।
শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে তুলেছিল, একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, একইভাবে দেশের গার্মেন্টসশিল্পকেও ধ্বংস করার পাঁয়তারা করছে এই অপশক্তি। আমরা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় ছবি দেখেছি, কীভাবে তারা এই দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে আরাম-আয়েশে মগ্ন আছে, বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রিয় শ্রমিক ভাই-বোনরা, আপনাদের লাভটা হলো কী? যদি ফ্যাক্টরি ভেঙে যায়, যদি কারখানা নষ্ট হয়ে যায়, তাহলে আপনিও তো ধ্বংস হয়ে গেলেন। সে জন্য কোনো উসকানিতে পা দেবেন না।
সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো বন্ধ ছিল : বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অতীতে প্রকট আকার ধারণ করেছিল। পলাতক স্বৈরাচারের লোকজন বিদেশে নেওয়ার নামে মানুষের অর্থ আত্মসাৎ করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল অথবা স্থগিত করেছিল। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করেছেন। শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ বা হতাহত হয়েছেন এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানো হবে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে। একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন অভিবাসন ব্যয় সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে। এখন পর্যন্ত আমরা এই খরচটি মোটামুটি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। দেশের কর্মীরা যেন বিশ্বের অন্যান্য দেশেও স্বল্প খরচে যেতে পারেন, সে লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।