জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আন্দোলন একাধারে দেশের ভেতরে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের বাইরে আধিপত্যবাদবিরোধী ছিল। দুঃখের বিষয়, আমরা আধিপত্যবাদের কালো ছায়া এখন আবার হালকা অনুভব করছি। সরকারকে বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে পুরো জাতি সরকারের সঙ্গে থাকবে।
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধী দলের নেতা এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি। আমরা তো সবাই নির্বাচনের আগপর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে সেই জায়গাটায় ফিরে আসুন।
তিনি বলেন, সংসদ অধিবেশন চলাকালে গত কয়েক দিন ধরে সারা বাংলাদেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা আমরা প্রত্যক্ষ করছি। এই সংসদে আমরা আশা করেছিলাম, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংসদের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করা হবে। সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবে, তা জানানো হবে। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিলেও সেটি জাতির সামনে, অন্তত আমার সামনে স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের নীতি ও কৌশল কী।
দেশের তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, শিল্প বাঁচলে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।
দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা নেই বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষকদের বাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে।
মাতারবাড়ী প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির : সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে এ সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।