দেশজুড়ে নাশকতার আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

সারা দেশে নাশকতার আগুন ও হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন। এর মধ্যে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন গাড়িটির এক হেলপার।  দেশের বিভিন্ন স্থানে গতকাল জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য বাস।

কমপক্ষে ১৫ জেলায় এই আগুন ছড়িয়ে পড়েছে। কোথাও দাঁড়িয়ে থাকা বাসে, কোথাও রেললাইনে আবার কোথাও বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যের বাড়িও। গতকাল বুধবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও কুড়াল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে এদিন সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের কিছু এলাকায় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল দেখা যায়নি। বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জ সদর আসনের বিএনপির এমপি কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড  ডায়াগনস্টিক সেন্টারে সন্ধ্যায় হামলা করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলায় সব কিছু তছনছ হয়ে যায়। নিচতলার একটি কক্ষ এমপি তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন। হামলার কথা স্বীকার করে এমপি বাবর বলেন, হাসপাতালে রোগী ছিল। অস্ত্রোপচারও হয়েছে। সেখানে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগানো হয়েছে। গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। গতকাল বিকেল থেকে বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছেন।

নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরে। নারায়ণগঞ্জে তিনটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন এলাকায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত ৫টি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে রূপগঞ্জে একটি বাস ডিপোর সামনে পার্ক করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর মঙ্গলবার শেষ রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে মহাসড়কের পাশে পার্ক করা একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। 

গতকাল ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন মুখোশধারী ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে দুটি বাস পার্ক করে রাখা ছিল। এ সময় তিনটি  মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোটালীপাড়ায় প্রায় ২ বছরেরও বেশি সময় পরে উপজেলা আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় সব মিলিয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পিরোজপুরের ভা-ারিয়ায় বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এবং রংপুর মহানগরীতে পার্ক করে রাখা ৪টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরের মুরাদপুরে মঙ্গলবার রাত ১টার দিকে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী, রাজশাহী মহনগরী, টাঙ্গাইলের বাসাইল ও হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল কবিরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কুমিল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনীর দুটি স্থান থেকে ৬টি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা, সাচ্চুর বাড়িতে আগুন : রাজধানীর মিরপুরে নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুর এবং কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও উত্তরখানে ককটেল বিস্ফোরণ এবং ভাটারায় ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গতকাল রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে নিখিলের ছয়তলা বাসার নিচতলায় হামলা চালায় ৪০-৫০ জন দুর্বৃত্ত। তারা বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ, আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা পর তারা চলে যায়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, নিখিলকে সতর্ক করতেই এ ভাঙচুর চালানো হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাড়িতে ২৫-৩০ জনের একটি দল হামলা চালায়। তারা নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। নিরাপত্তাকর্মীদের কক্ষও ভাঙচুর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সামনে একটি চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে চা দোকানি নাসিমা বেগম (৪০) গুরুতর আহত হন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীপু মনি, শামীম ওসমানের বাড়িতে আগুন : সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুর, পিরোজপুর, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে এসব ঘটনা ঘটে। রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজারের কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। একই রাতে সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে রেজাউল করিমের দুটি বাড়িতে ৫০-৬০ জনের একটি দল হামলা চালায়। প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তার অন্য বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এদিকে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলার হাজী বাদাস রোডে শামীম ওসমানের বাড়ির সামনে মশাল মিছিল করে ছাত্রলের নেতাকর্মীরা। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালায় এবং ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়। সন্ধ্যায় একই সড়কে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়া হয়। সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

থমথমে গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে গতকাল দিনের বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে মিছিল করেছে ছাত্রলীগ। এ ছাড়া জেলার সব উপজেলায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর খবর পাওয়া গেছে।

এরই মধ্যে গোপালগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত ড. জি এম সরফরাজ। তার কাছ থেকে আইশৃঙ্খলার বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাচলে সতর্কতা লক্ষ্য করা গেছে।

সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে নিলফা এলাকায় আগুন দেওয়া গাড়িগুলোতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, তারা ভয়ের মধ্যে রয়েছেন। কখন কী ঘটে, তা নিয়ে উদ্বেগের শেষ নেই।

১৫ নভেম্বরের সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল গোপালগঞ্জের জেলার পরিস্থিতি। তবে মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় থানা ঘেরাও করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। বিক্ষুব্ধ লোকজনকে সরাতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন থানায় ঢুকে আগুন ধরিয়ে দেয়। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এরপর টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন দেওয়া হয়। সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৬ বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত ১ হেলপারের মৃত্যু : মঙ্গলবার গভীর রাতে পিরোজপুরের ভা-ারিয়ায় বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এবং রংপুর মহানগরীতে পার্ক করে রাখা ৪টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার রাত ৪টার দিকে বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাহক নামের বাসটির ভেতর থেকে এর হেলপার মো. সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাস্তায় পার্ক করে রাখা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। গভীর রাতে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলার রূপগঞ্জে গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় রাত ৩টার দিকে মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন এসে বাস দুটিতে আগুন লাগায়। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম  সালাউদ্দিন জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। রংপুর নগরীর পর্যটন মোড় এলাকায় গতকাল ভোরে লুমিনাস কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটিতে কোচিং সেন্টারের আবাসিক শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হতো বলে জানা গেছে। ১০ ঘণ্টার ব্যবধানে গতকাল দুপুর আড়াইটার দিকে নগরীর বাস টার্মিনাল মৎস্য আড়তসংলগ্ন গ্যারেজের সামনে রাখা একটি বাসে আগুন লাগে। বাসটির মালিকের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবে এমনটা ঘটাতে পারে। তবে পুলিশের দাবি, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানবশত আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

নড়াইলে কৃষক দল ও জাসাস নেতা নিহত : নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অতর্কিত হামলা চালায়।

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ : রাজশাহী মহানগরী, টাঙ্গাইলের বাসাইল ও হবিগঞ্জের নবীগঞ্জে মঙ্গলবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের বাসাইল উপজেলা শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

হবিগঞ্জের নবীগঞ্জের কালিয়ারভাঙা ইউনিয়নে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতে মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজশাহীতে শাহ মখদুম থানার বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে মঙ্গলবার গভীর রাতে দুটি পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এতে ভবনটির নিচতলার জানালায় আগুন ধরে যায়। তবে ছড়িয়ে পড়ার আগেই ভবনে থাকা গ্রামীণ ব্যাংকের কর্মচারী ও স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন। 

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে পাশের রাস্তা থেকে ওই ভবন লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় তারা ‘জয় বাংলা’ সেøাগান দেয়।

রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন : রাতের বিক্ষোভ মিছিল থেকে কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের সময়কার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল লোক বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হয়। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিভিন্ন সেøাগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়। এর কিছুক্ষণ পর সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনেও বিক্ষোভ মিছিল নিয়ে যান একদল যুবক। নগরের মুন্সেফবাড়িতে অবস্থিত ওই বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাড়ির সামনে দাঁড়িয়ে সেøাগান দিচ্ছেন। পরে কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর কার্যালয়ের সামনেও কাগজ ও কাঠে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিরা]

সর্বশেষ সর্বাধিক পঠিত