এমপিদের দ্রুত এলাকায় যেতে নির্দেশ প্রধানমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রাজপথে মোকাবিলা করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পর দ্রুত দলের সব সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, নেতাকর্মীদের সংগঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করা যাবে না। নিজের শক্তিতে বলীয়ান হতে হবে। দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।

গতকাল বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন সংসদ নেতা তারেক রহমান। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বিকেল ৩টা ৫৫ মিনিটে সভা শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা পরিচালনা করেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান।

সংসদ অধিবেশন শুরুর দিন ৯ নভেম্বর সংসদীয় দলের সভায় করে বিএনপি। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সহিংসতায় সৃষ্ট পরিস্থিতিতে অধিবেশনের শেষ দিনে আবার সংসদীয় দলের সভা করলেন প্রধানমন্ত্রী। এদিন দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় থাকতে কঠোর নির্দেশনা দেন। বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক সংসদ সদস্য ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়হীনতা এবং সংসদ সদস্যদের নির্দেশনা গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন কথা না শুনলে তাকে জানাতে হবে। প্রশাসনের কাছে নিজেদের অসহায় ভাবার কোনো কারণ নেই বলেও সংসদ সদস্যদের আশ্বস্ত করেন তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ সদস্যদের অনেকেই অভিযোগ করেছেন, প্রশাসনের কর্মকর্তারা তাদের কথা শুনছেন না। এই প্রশাসনের বিরুদ্ধেই তো তারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বিজয়ী হয়ে আজকের অবস্থানে এসেছেন। সুতরাং প্রশাসন তাদের কথা শুনতে বাধ্য। কোনো কর্মকর্তা কথা না শুনলে বিষয়টি তাকে জানাতে হবে।

গোপালগঞ্জে হামলার ঘটনা তুলে ধরলেন এমপি জিলানী : বৈঠকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তার বাড়িতে আগুন দিয়েছে। একই সঙ্গে তার আত্মীয়স্বজনের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটেছে এবং এতে অনেকে আহত হওয়ার কথা জানান তিনি। এ সময় স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও তুলে ধরেন জিলানী। তিনি গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেখানে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্র সংসদীয় দলের সামনে তুলে ধরেন।

জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আত্মবিশ্বাস ধারণ করেই সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।

আ.লীগকে রাজপথে মোকাবিলার নির্দেশ : বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে তারা ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাদের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ অন্ধত্ববরণ করেছেন। এমন একটি দলের পক্ষে দেশের মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে চায় উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, যে দল মানুষের ওপর এমন নির্যাতন চালিয়েছে, জনগণ কেন তাদের সমর্থন করবে?

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিল কঠোর ও স্পষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। তাদের রাজপথেই মোকাবিলা করতে হবে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আ.লীগের অতীত ভূমিকা তুলে ধরেন গয়েশ্বর : সভায় আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল, বিএনপিকে এক মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেই চরিত্র বিবেচনায় রেখেই তাদের মোকাবিলা করতে হবে।

কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর : প্রধানমন্ত্রীর আগে সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার এখন পর্যন্ত অতিরিক্ত বলপ্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বলপ্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।