রোহিঙ্গা গণহত্যা

আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ

জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়ে দায়ের হওয়া একটি মামলার রায় আজ বৃহস্পতিবার দেবে। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় হেগভিত্তিক আদালত এ রায় দেওয়া শুরু করার কথা রয়েছে।

আইসিজের এই রায় দেওয়ার ঠিক আগে বাংলাদেশ সফর শেষ করলেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ কেলি কুরি। আইসিজের রায় বাস্তবায়নের জন্য জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইসিজের রায় যাই হোক, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী যেসব গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তার সাক্ষ্য-প্রমাণ আছে। শুধু এর ভিত্তিতেই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো চাইলে মিয়ানমারে অস্ত্র বিক্রি ও দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপসহ অনেক ব্যবস্থা নিতে পারে। 

গতকাল বুধবার ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকার রাখাইনের সংখ্যালঘু মুসলিম-প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিনিধন কর্মসূচির অংশ হিসেবে ২০১৭ সালে ব্যাপক গণহত্যা চালায়। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ে রয়েছেন। এ গণহত্যার বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। মুসলিমপ্রধান দেশগুলোর সংগঠন ওআইসি গাম্বিয়াকে মামলা চালানোর জন্য অর্থায়নসহ বিভিন্ন সহযোগিতা দেয়।

জাতিসংঘের বিশেষজ্ঞ কেলি কুরি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সম্পত্তি থেকে উচ্ছেদ ও পরিচয় অস্বীকার করা থেকে শুরু করে জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা এবং হত্যাকা- এসবের শুরু বা শেষ কোনোটিই ২০১৭ সালে হয়নি। আর যারা এসব অপরাধ করেছে, তারা তখনও যেমন দায়মুক্তি পাওয়ার জোরালো প্রত্যাশা করত, এখনো তা-ই করে।

তিনি আশা প্রকাশ করেন এই রায় অপরাধগুলোকে স্বীকৃতি দেবে, সেগুলোকে তাদের সঠিক নামে অভিহিত করবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে, এই রায় পুরোপুরি বাস্তবায়নের জন্য সমর্থন জোগানো সব রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়াবে।

কেলি কুরি যোগ করেন, ১৯ নভেম্বর তারিখটি রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার রাষ্ট্র এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। ১৯৪৮ সালে ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক কনভেনশন’ গৃহীত হওয়ার পর থেকে অনেক অপরাধীই জবাবদিহিতার আওতা থেকে বেরিয়ে গেছে এবং অসংখ্য ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

জাতিসংঘ বিশেষজ্ঞ বলেন, বর্তমান সংকটের জন্য মিয়ানমার সরকার প্রধানত দায়ী। এই সংকটের মূলে রয়েছে রাখাইন রাজ্যসহ পুরো মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর পরিচয়, নিরাপত্তা এবং মানবাধিকারকে ক্রমাগত অস্বীকার করার প্রবণতা।

 কেলি কুরি রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোয় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর তাগিদ দিয়ে বলেন, অননুমোদিত অস্ত্রধারী গোষ্ঠী ও অপরাধী চক্রকে দমন করা প্রয়োজন। শিবিরগুলোর ভেতরে ও আশপাশে বিরাজমান নিরাপত্তাহীনতা ও আইনহীনতা সবচেয়ে অসহায় মানুষদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর সঙ্গে যখন অর্থবহ অর্থনৈতিক ও শিক্ষাগত সুযোগের অভাব যুক্ত হয়, তখন শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী টিকে থাকার জন্য বিভিন্ন নেতিবাচক পথ বেছে নিতে বাধ্য হয়। এই নেতিবাচক উপায়গুলোর মধ্যে রয়েছে অবৈধ মাদকের ব্যবহার ও চোরাচালান, মানব পাচার, অপরাধী বা সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়া এবং অনলাইন জুয়ায় আসক্ত হওয়া। এটি মিয়ানমারের সশস্ত্র সংঘাতকেও উসকে দিচ্ছে, যা শরণার্থীদের নিরাপদে নিজ ঘরে ফিরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থসাহায্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে আছে, এটি জানিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরির দাবি যেন সামগ্রিক সহায়তা প্যাকেজে আরও কাটছাঁট করার অজুহাত না হয়ে ওঠে।

কেলি কুরি গত ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও তিনি গতকাল ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী জাতিসংঘ বিশেষজ্ঞকে বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।