ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত; আহত ২৫

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনভিউ পরিবহন দুপুরের দিকে দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।