চৌদ্দগ্রামে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে লিটন মিয়া নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (৪০) চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকার দিয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টা পথের আসা একটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক লিটন মিয়া নিহত হন। এ সময় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কাভার্ডভ্যান ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত