সাহিত্যবিশ্ব

টাইম সাময়িকীর প্রচ্ছদে আবারও কথাসাহিত্যিক

একুশ শতকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর প্রচ্ছদে কথাসাহিত্যিকদের উপস্থিতি ক্রমেই অনিয়মিত হয়ে উঠছিল। দীর্ঘ বিরতির পর মাঝেমধ্যে কোনো ঔপন্যাসিকের প্রচ্ছদে আসা তাই বিশেষ মনোযোগ তৈরি করে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মার্কিন ঔপন্যাসিক ক্যারো ক্লেয়ার বার্ক। ১৭ নভেম্বর প্রকাশিত সাময়িকীটির ২০২৬ সালের ১০০ অবশ্য পাঠ্যবইয়ের তালিকায় স্থান পেয়েছে বার্কের উপন্যাস ইয়েস্টিয়ারইয়ার (Yesteryear)। এ উপলক্ষেই প্রচ্ছদে স্থান পেয়েছেন লেখক।

লিটারারি হাবের তথ্য অনুযায়ী, ২০০০ সালে টাইম সাময়িকীর প্রচ্ছদে এসেছিলেন স্টিফেন কিং। এরপর ২০১০ সালে জোনাথন ফ্রানজেন, ২০১৯ সালের জুনে কলসন হোয়াইটহেড এবং একই বছরের সেপ্টেম্বরে মার্গারেট অ্যাটউড প্রচ্ছদে স্থান পান। ২০২১ সালে ‘নেক্সট জেনারেশন লিডারস’ বিশেষ সংখ্যার প্রচ্ছদে ছিলেন আকওয়েকে এমেজি। এরপর ২০২৫ সালের মে মাসে প্রচ্ছদে আসেন টেইলর জেনকিন্স রিড। সর্বশেষ ক্যারো ক্লেয়ার বার্কের উপস্থিতিতে ২০২৫ ও ২০২৬—পরপর দুই বছর কথাসাহিত্যিক জায়গা করে নিলেন সাময়িকীটির প্রচ্ছদে।

বার্কের প্রথম উপন্যাস ইয়েস্টিয়ারইয়ার প্রকাশিত হয় ২০২৬ সালের এপ্রিলে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঐতিহ্যবাহী গৃহিণীর জীবনধারা প্রচারকারী এক নারীর ১৮৫৫ সালের পৃথিবীতে গিয়ে পড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে সমকালীন মার্কিন সমাজ ও সংস্কৃতির নানা দিক উঠে এসেছে। ২০০০ সালের পর কথাসাহিত্যিকদের প্রচ্ছদে আসার এই ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায়, একসময় এক দশক পর্যন্ত বিরতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের উপস্থিতি কিছুটা বেড়েছে।

সূত্র : লিটারারি হাব