বইচিত্র

বিস্মৃত এক বাঙালি বিপ্লবীর সন্ধানে

গোলাম আম্বিয়া খান লুহানী : এক অজানা বিপ্লবীর কাহিনি
মতিউর রহমান
প্রকাশনা : প্রথমা
প্রচ্ছদ : আনিসুজ্জামান সোহেল
প্রথম প্রকাশ : নভেম্বর ২০২৪
মূল্য : ৬০০

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম

ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রই সময়ের আবর্তে বিস্মৃতির আড়ালে হারিয়ে যান। তাদের আত্মত্যাগ, রাজনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সংযোগের যথাযথ মূল্যায়ন হয় না। কেউ কেউ মাতৃভূমির স্বাধীনতার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। শ্রেণিমুক্ত সমাজ গঠনের অভিপ্রায়ে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক বিপ্লবী আন্দোলনের সঙ্গে। অথচ ভাগ্যের কী নিদারুণ পরিহাস! অনেকের জীবনের শেষ পরিণতি হয়েছিল নির্বাসন, নিপীড়ন কিংবা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। সিরাজগঞ্জের সন্তান গোলাম আম্বিয়া খান লুহানী তেমনই এক বিস্মৃত বাঙালি বিপ্লবী। তার জীবন, রাজনৈতিক অভিযাত্রা, আন্তর্জাতিক বিপ্লবী তৎপরতা এবং স্তালিনীয় রাষ্ট্রসন্ত্রাসের নির্মম শিকার হওয়ার ইতিহাস নিয়ে রচিত মতিউর রহমানের গোলাম আম্বিয়া খান লুহানী : এক অজানা বিপ্লবীর কাহিনি গ্রন্থটি ইতিহাসের একটি অনালোচিত অধ্যায়কে নতুন করে পাঠের সুযোগ করে দিয়েছে।

গ্রন্থ-রচনার নেপথ্যে লেখকের প্রায় ৪২ বছরের অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও গবেষণার শ্রম রয়েছে। ১৯৮১ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা ও গবেষক ড. গঙ্গাধর অধিকারীর কাছ থেকে লুহানী সম্পর্কে প্রথম জানার পর লেখক এ বিষয়ে অনুসন্ধানে আগ্রহী হন। পরবর্তী সময়ে চিম্মোহন সেহানবীশসহ বিভিন্ন গবেষক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতা গ্রহণ করেন। দিল্লি, কলকাতা ও মস্কোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দেশ-বিদেশের বই, প্রবন্ধ, দলিলপত্র ও আর্কাইভ ঘেঁটে তিনি লুহানীর জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। বিশেষত ২০১৮ সালে রুশ গবেষক স্ভেৎলানা চেরভোন্নায়ার সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি ও কমিন্টার্নের আর্কাইভ থেকে লুহানীর শেষ জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করার বিষয়টি বইটির তথ্যভিত্তিকে বিশেষ তাৎপর্য দিয়েছে।

বিশ শতকের দ্বিতীয় দশকে ব্রিটেনে শ্রমিক আন্দোলন এবং রুশ বিপ্লবের সমর্থনে প্রচার-প্রচারণার মধ্য দিয়ে লুহানীর রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা তাকে ক্রমে আন্তর্জাতিক বিপ্লবী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেছে। প্যারিস, বার্লিন, জেনেভা ও মস্কোসহ ইউরোপের বিভিন্ন শহরে তার বিচরণ ছিল ভারতের স্বাধীনতার রাজনৈতিক ও আদর্শিক পথ অনুসন্ধানের এক নিরন্তর প্রয়াস। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও পাণ্ডুরাজ খানখোজের সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব’ শীর্ষক থিসিস রচনা করে লেনিনের কাছে পাঠানোর ঘটনাটি তার রাজনৈতিক চিন্তার আন্তর্জাতিক পরিসর ও বিপ্লবী প্রত্যয়ের পরিচায়ক। উল্লেখ্য, এই দুজনও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সদস্যপদ ও নাগরিকত্ব গ্রহণ এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালে (কমিন্টার্ন) যুক্ত হওয়ার মধ্য দিয়ে লুহানী আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের একজন সক্রিয় কর্মীতে পরিণত হন।

লুহানীর ব্যক্তিজীবনের ব্যতিক্রমী দিক নিয়েও আলোকপাত করেছেন লেখক। তিনি বিয়ে করেছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার ও মডেলকে। তার প্রতিকৃতি এঁকেছিলেন বিখ্যাত ইতালীয় শিল্পী আমেদেও মোদিলিয়ানি। এটি বিশ শতকের ইউরোপীয় শিল্প-সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের সঙ্গে তার ব্যক্তিগত গভীর সম্পর্কের তথ্যটি উন্মোচিত করে। অবশ্য তার এই আন্তর্জাতিক জীবনযাত্রার পরিণতি ছিল অত্যন্ত করুণ। স্তালিনের শাসনামলে সোভিয়েত ইউনিয়নে ভিন্নমতাবলম্বী ও সন্দেহভাজন রাজনৈতিক কর্মীদের ওপর যে ব্যাপক দমন-পীড়ন পরিচালিত হয়, লুহানীও তার নির্মম শিকার হন। ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে হত্যা করা হয়। ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই বিপ্লবী আর কখনোই ফিরে আসতে পারেননি তার আরাধ্য জন্মভূমিতে।

গ্রন্থটির বিন্যাস অনুসন্ধানী ইতিহাসচর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে পাঁচটি অধ্যায়ের পাশাপাশি রয়েছে ভূমিকা, বিশেষ নিবন্ধ, সাক্ষাৎকার ও দুর্লভ আলোকচিত্র। প্রথম অধ্যায়ে লুহানীর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণ তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সংকলিত হয়েছে তার পারিবারিক চিঠিপত্র, সোভিয়েত কর্তৃপক্ষের কাছে দেওয়া স্বহস্তলিখিত ব্যক্তিগত তথ্যাবলি, বিভিন্ন সময়ে লেখা চিঠি এবং তাকে কেন্দ্র করে সোভিয়েত কর্তৃপক্ষের অভ্যন্তরীণ পত্রালাপ। একই সঙ্গে লুহানীর মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও দুই বাঙালি বিপ্লবীর প্রসঙ্গও এখানে স্থান পেয়েছে। এই অধ্যায়ের দলিলপত্রগুলোও বিরল ও বিশেষ গুরুত্বপূর্ণ।

তৃতীয় অধ্যায়ে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গোলাম আম্বিয়া খান লুহানী ও পাণ্ডুরাজ খানখোজের ‘ভারত ও বিশ্ববিপ্লব’ শীর্ষক ভাবনাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে সংকলিত লুহানীর নির্বাচিত প্রতিবেদন ও নিবন্ধগুলো তার রাজনৈতিক চিন্তার স্বরূপ অনুধাবনের বিশেষ সুযোগ তৈরি করেছে। গান্ধী ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ভারতে জাতীয় বিপ্লবী আন্দোলন, জওহরলাল নেহরুর রাজনৈতিক জীবন, বাংলার কৃষক ও শ্রমিক দলের কর্মসূচি, ভারতীয় কমিউনিস্ট আন্দোলন এবং জাতীয় কংগ্রেসের রাজনৈতিক অবস্থানসহ নানা বিষয়ে তার লেখাগুলো তৎকালীন ভারতীয় রাজনীতির একটি ভিন্ন পাঠ হাজির করে। এসব রচনার মধ্য দিয়ে লুহানীকে পাঠক একজন বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও আবিষ্কার করতে পারবেন।

পঞ্চম অধ্যায়ে বিনায়ক সেনের ‘ভারত ও বিশ্ববিপ্লব : কমিউনিস্ট বিপ্লবীদের ভাবাদর্শগত পটভূমি’ শীর্ষক আলোচনা গ্রন্থটির তাত্ত্বিক ও ঐতিহাসিক পরিসরকে সম্প্রসারিত করেছে। পাশাপাশি লিওনিদ মিত্রোখিনের ‘ত্রিমুখী ফাঁদ’ নিবন্ধে স্তালিনীয় ত্রাসের আমলে তিন ভারতীয় কমিন্টার্ন কর্মীর পরিণতির বিবরণ যুক্ত হয়েছে। শোভনলাল দত্তগুপ্তের নেওয়া বিশেষ সাক্ষাৎকারটিও আন্তর্জাতিক সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের আদর্শ এবং তার অব্যাহত সংগ্রাম সম্পর্কে চিন্তার অবকাশ তৈরি করে।

গ্রন্থটি চিঠিপত্র, সরকারি দলিল, প্রতিবেদন ও ব্যক্তিগত স্মৃতির সমন্বয়ে বিস্মৃত ইতিহাসের পুনর্র্নিমাণের সফল প্রচেষ্টা। এর ফলে ভারতের স্বাধীনতা আন্দোলন, প্রবাসী বাঙালি বিপ্লবীদের ভূমিকা এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে অনুধাবনের সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত