সবিশেষ

মাহমুদুল হকের ক্ষরণ ও নিরাসক্ত জগৎ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

মুক্তিযুদ্ধ নিয়ে কথাসাহিত্যিক মাহমুদুল হকের (১৬ নভেম্বর, ১৯৪১-২১ জুলাই, ২০০৮) নিরাসক্ত নির্মোহ বয়ান আমাদের বিস্মিত করে। জীবন আমার বোন এবং খেলাঘর উপন্যাসে তার দুই প্রটাগনিস্ট চরিত্রের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে অস্বস্তি কিংবা দোলাচল প্রথাগত মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে একেবারেই ভিন্ন। জীবন আমার বোন উপন্যাসটিতে ধরা পড়েছে মার্চ মাসের উত্তাল সময়টি। যখন তরুণরা স্বাধিকার অন্দোলনের দাবিতে সোচ্চার। আমরা দেখি মূল চরিত্র খোকা ১৯৭১ সালের রাস্তায় নামে, উন্মাতাল, মিছিল মুখর রাস্তা। খোকা মিছিল দেখে, পাশ কাটিয়ে গন্তব্যে এগোয়। একটা রাষ্ট্রের উন্মেষ কাল, এত বড় ঘটনার নীরব সাক্ষী হয়ে রইলেন তিনি গোটা উপন্যাসে। এত বড় এক আন্দোলনে কেবলই অস্বস্তি তৈরি হচ্ছে তার মনে। জীবনের যে কাঙ্ক্ষিত ভারসাম্য তার সম্ভাব্য বিচ্যুতি তাকে ভাবায়। সে কোনো টগবগে তরুণ নয় বরং রঞ্জু নামের এক তরুণীর বড় ভাই যে কেবলই তার বোনের কথা ভাবতে পারে, ভাবতে চায়।

খেলাঘর-এও আমার দেখি যুদ্ধ মানে প্রাণের ক্ষতি, স্মৃতিতে গভীর ক্ষত। মুক্তিযুদ্ধ মানে কেবলই শৌর্য বীর্য আর সাহসিকতার আখ্যান নয়, কেবল নিপীড়নের বয়ান নয়। বরং যেকোনো যুদ্ধ শান্তি বিনাশী, হতে পারে মনোবৈকল্য কিংবা অপরিসীম ট্রমার কারণ। কেবল নিপীড়ন বর্ণন নয়, বরং নিপীড়ন পরবর্তী পর্যায়ে মূল চরিত্র ঝুমির মানসিক ক্ষত এই উপন্যাস জুড়ে। বাবুকে ঘিরে আন্নার নানামুখী আবেগ, কখনো কখনো খুবই অসংলগ্ন কথাবার্তার মধ্য উপন্যাস অনেক দূর এগোনোর পর জানা যায় আন্না যে বাকি পাঁচটা তরুণীর মতো আচরণ করছে না তার পেছনে রয়েছে নির্মমতা। অপমান এবং শারীরিক নির্যাতনের ক্ষত তার স্মৃতিতে বয়ে বেড়াচ্ছে। বর্তমানকে অস্বীকার করে সে তার জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতাকে একভাবে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। রেহানা তাই ছেলেবেলার আন্না হতে চায়। ইয়াকুবকে তার বন্ধু বাবুর চরিত্রে রূপ দেয় এবং দুইজন সে রকম করে দৈনন্দিন কাজ চালিয়ে যায়। ইয়াকুব বারবার বাবু হতে অস্বীকার করলে, নাম ফিরিয়ে দিতে বললে সে রেহানার তালমাটাল হয়, আবেগী হয়ে ইয়াকুবকে কব্জা করার চেষ্টা চালাতে থাকে। পরে টুনুর কাছ থেকে সব জানতে পারে ইয়াকুব, কিন্তু তারপরও আমরা ইয়াকুবকে যুদ্ধে অংশ নিতে দেখি না। অনেক পরে আমরা জানতে পারি, ঝুমি কী পরিমাণ অপমান এবং শারীরিক নির্যাতনের ক্ষত তার স্মৃতিতে বয়ে বেড়াচ্ছে। কিন্তু এসব জানার পরও আমরা প্রটাগনিস্টকে আর যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি নিতে দেখি না। 

যেকোনো যুদ্ধ এমনকি মুক্তিযুদ্ধের মহিমা কীর্তন তিনি করেননি। এতে অংশ নেননি। বারবার বলতে চেয়েছেন যুদ্ধ মানে ধ্বংস, ক্ষত আর শেকড়হীনতা। র‌্যাডক্লিফ লাইনের কল্যাণে নিজের শেকড় বারাসত থেকে উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গে আসার ক্ষতটিই তিনি বারবার বলে গেছেন। আমরা জানি তার শিশুমনে কী বিরাট ‘কালো বরফ’ তিনি বহন করে চলে গেছেন। এখানকার সমাজ সংস্কৃতিতে তিনি অভ্যস্ত হতে পারছিলেন না। চাপিয়ে দেওয়া মুসলিম জাতীয়তাবাদী চেতনায় তিনি হাঁসফাঁস করেছেন আশৈশব, একবার তিনি বারাসাতের উদ্দেশে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন, নারায়ণগঞ্জ থেকে নৌপথে বারাসত চলে যাবেন বলে। তার কালো বরফ উপন্যাস পড়লে দেশভাগ নিয়ে তার কষ্টের এই বিচিত্র বর্ণনা উপলব্ধ হয় শিশু পোকার বয়ানে। কীভাবে নিজের ভিটেমাটি, সমাজ, সম্পর্ক, পরিবেশে কেনারাম কাকার হাত ধরে ঘুরে বেড়ানো সময় সব দূরে ঠেলে পালাতে হয়। কীভাবে একটা পরিবার মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন নিজের ভিটে মাটিতে আর থাকা যায় না সম্মান নিয়ে নিরাপত্তা নিয়ে। মনিভাই কেন মরে যায়, চলে যাবার আগে দৌড়াতে দৌড়াতে কৈশোরের প্রেমিকার চুলের ফিতার জন্য, কিংবা চুলের ক্লিপ, কাঁটা কিংবা আরও কিছু চাওয়া পাওয়ার হিসাব চোকানো বাকি রয়ে যায়। মনিভাই একবার বলে সে তো আর ফিরবে না, তখন ছবি ধপ করে পড়ে যায়, পড়ে গিয়ে বলে সে নাকি আর বাঁচবে না। বড় অদ্ভুত! ঠিক তখনই মনিভাই ছবিদিকে অপেক্ষা করতে বলে, জানায়, সে নাকি আবার আসবে। তারপর স্থলপথ পেরিয়ে জলপথ—অন্য একটা দেশ, অন্য একটা সীমানায় মনি ভাই মরে যায়। সবাই হয়তো মনিভাইয়ের মতো দেহ রাখতে পারে না? কারও কারও দেহে হয়তো জমে থাকা বরফ আরও জমে জমে কালো থেকে আরও কালো হতে থাকে। এত শীতল আর কালো যে নিজে আর তার চারপাশে উষ্ণতা ছড়াতে পারে না, বাঁধতে পারে না, শেকড় তুলতে পারে না। সেই বরফের শীতলতা ডিঙিয়ে অন্য কারও ভালোবাসার ভারও সে হয়তো বহন করতে পারে না। কিংবা হৃদয় এত শীতল যে, সেটা এক বোধহীন কালোয় আচ্ছন্ন পড়ে রয়।

আর এই সবকিছু উঠে এসেছে মাহমুদুল হকের একেবারেই নিজস্ব গদ্যভাষায়। একেবারেই আলাদা, কিন্তু ঋজু স্পষ্ট সে ভাষা। আর সেই ভাষা দিয়েই তিনি তুলে ধরেছেন মানুষের মনের গহিনের নরম কোণ। তুলে ধরেছেন বিচিত্র সব চরিত্র আর সম্পর্কের রকমফের। নীলাভাবি কিংবা লুলু চৌধুরীর মতো বিচিত্র চরিত্র কিংবা তার সঙ্গে খোকার সম্পর্ককে ঠিক সংজ্ঞায়িত করা যায় না যেন। কিংবা কেনারাম কাকা সঙ্গে পোকার স্নেহের সম্পর্ক এগুলো দিয়ে তিনি একান্তই নিজস্ব একটা ঘোরে পাঠককে নিয়ে যেতে পারেন।

তিনি যখন লিখতে শুরু করেন প্রায় তখন থেকেই বলা যায় দুই বাংলাতেই তার নিজস্ব ভাষা এবং রীতি সমাদৃত হয়েছে। খেলাঘর-এর ভাষা তিনি রপ্ত করেছিলেন তার মায়ের কাছ থেকে। কিন্তু তারপরও তিনি একসময় লেখালিখি ছেড়ে দেন। এমনকি অযত্নে অবহেলায় তার পাণ্ডুলিপি খোয়া গেছে। তার মুক্তিযুদ্ধের আখ্যানকে বুঝতে হলে তার হৃদয়ের জখম টের পেতে হয়। বুঝতে হয় পূর্ববঙ্গে আসার পর পশ্চিমা শাসনের চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক আচার অনুষ্ঠান, কীভাবে তাকে বিপন্ন করে তুলেছে। ক্ষরণের লাল কীভাবে হৃদয়ে কালো জমাট বরফ হয়ে ওঠে, বোঝা যায়।

এই ক্ষরণের লালই হৃদয়ে কালো জমাট বরফ হয়ে উঠেছে, পোকা যেভাবে আব্দুল খালেক হয়ে ওঠে। ফলে দেশভাগ কিংবা যুদ্ধের মধ্য দিয়ে মানুষের প্রকৃত মুক্তি ঘটে কি না তাই নিয়ে এক ধরনের বিহ্বলতা তৈরি হয়। নতুন দেশ শেষতক নতুন নিপীড়ক শ্রেণিই তৈরি করে, নিপীড়িতের দল একটা বন্দোবস্ত থেকে হয়তো আবার নতুন এক বন্দোবস্তের খপ্পড়ে পড়ে। এই কথাগুলো অনুক্ত থাকলেও তার উপন্যাস দুটিতে নতুন এক নিরাসক্ত বয়ান তৈরি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত