তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম সদস্য, দারিদ্র্যসীমা ও খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব পুনর্বিবেচনার পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বিজিএমইএ।
চিঠিতে বলা হয়, সিপিডি পাঁচটি গবেষণার মধ্যক ব্যবহার করে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে বিজিএমইএর মতে, মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা অধিক যুক্তিসংগত। সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপেও শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য দুজন পাওয়া গিয়েছিল। বিবিএসের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ থেকে ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে নেমেছে।
দারিদ্র্যসীমার হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনা না করে অঞ্চলভিত্তিক কারখানা ও রপ্তানির ঘনত্ব অনুযায়ী ওজনভিত্তিক গড় নির্ধারণ করা উচিত। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহরের কারখানাগুলো থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে।
এ ছাড়া খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করায় একই ব্যয় দুবার গণনার আশঙ্কা রয়েছে। কারণ, খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবেই আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করে সংগঠনটি।
চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষ করে ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি সম্পর্কেও সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন চেয়েছে বিজিএমইএ।
শিল্পের আর্থিক পরিস্থিতি তুলে ধরে সংগঠনটি জানায়, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদহার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ এবং বন্ধ হয়েছে ২৮৭টি পোশাক কারখানা।
চিঠিতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মজুরি বৃদ্ধির তুলনাও তুলে ধরা হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯, ভিয়েতনামে ৫৪ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।
সংগঠনটির মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতাকে চাপে ফেলছে।
এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শিল্পের গড় মজুরি ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলো সামগ্রিকভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা চেয়েছে সংগঠনটি।