শেরপুর সীমান্ত থেকে ৬ ভারতীয় নাগরিক আটক 

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে শুক্রবার (২০ নভেম্বর) রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর  করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আটক ব্যাক্তিদের পরিচয় যাচাই বাছাই শেষে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।