পিরোজপুরের মঠবাড়িয়ায় পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা একটি ধাতব প্লেট উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।
রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা।
উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ ও ১৮৩৯ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। তবে বস্তুটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এর প্রকৃত পরিচয় জানা যাবে।