ফরিদপুরে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার ও তালমা পয়েন্টসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন রয়েছেন আনসার সদস্যরা।

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন তারা।

ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানান, জেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এ কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।