ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হলে এর জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজু মোল্লা হত্যার বিচার দাবি করেন।
সমাবেশে এ কে এম কিবরিয়া স্বপন বলেন, লক্ষ মানুষের জুলুম-অত্যাচার সহ্য করার পর একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষক দলের নেতা এবং নড়াইলে কৃষক দলসহ ২ নেতাকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।
এ সময় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘ফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হামলার ঘটনায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। ওই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।