কুমিল্লায় সীমান্তে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে ও যানবাহন আটক

চোরাচালানবিরোধী অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিবেরবাজার বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান শুরু করে। এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের ডিসপ্লের চালানসহ একটি যানবাহন আটক করা হয়।

বিজিবি জানায়, আটক করা মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। এ ঘটনায় জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।