২৯ নভেম্বর শুরু হচ্ছে অপ্রতিম হত্যা মামলার বিচার

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে বয়সের বিবেচনায় প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

তিনি জানান, অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ তাদের আইনি কার্যক্রম চালিয়ে যাবে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে কুমিল্লাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত